শাহরিয়ার আলম এশিয়ান টেনিস ফেডারেশনের ডাইরেক্টর হলেন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২১:৫৯
বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি সংসদ সদস্য শাহরিয়ার আলম এশিয়ান টেনিস ফেডারেশনের (এটিএফ) বোর্ড অব ডাইরেক্টরসের সদস্য নির্বাচিত হয়েছেন। গত ২৯ সেপ্টেম্বর ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এশিয়ান টেনিস ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় বোর্ড অব ডাইরেক্টরস নির্বাচনে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি হিসেবে তিনি ওই বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন বলে টেনিস ফেডারেশন জানায়। এশিয়ান টেনিস ফেডারেশনের ১১ ডাইরেক্টরের মধ্যে শাহরিয়ার আলম একজন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সদস্যরা আগামী দুই বছরের জন্য এশিয়ার টেনিস ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত হবেন। শাহরিয়ার আলমকে অভিনন্দন জানিয়েছেন এশিয়ান টেনিস ফেডারেশনের সভাপতি অনীল খান্না। তিনি পাঠানো এক পত্রে বলেন, বাংলাদেশ এশিয়ান টেনিস ফেডারেশনের গুরুত্বপূর্ণ সদস্য। আপনাকে বোর্ড অব ডাইরেক্টর হিসাবে পেয়ে আমরা গর্বিত।’
এর আগে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সানাউল হক বকুল (২০০৯-১১) এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন (২০১১-১৩) ডাইরেক্টর নির্বাচিত হয়েছিলেন। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহরিয়ার আলম, রাজনীতির পাশাপাশি একজন প্রতিষ্ঠিত ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক। রাজশাহী অঞ্চলের তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় সৃষ্টি করার লক্ষ্যে রাজশাহীতে তিনি ব্যক্তিগত উদ্যোগে ২০০৫ সালে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি গড়ে তুলেছেন। ক্রীড়াবিদদের চাকরি দিয়েছেন নিজ প্রতিষ্ঠানে। আবাহনীর পরিচালক শাহরিয়ার আলম ২০০৭ সালে বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। একই সাথে এই সাংসদ কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্য।