বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে নয় বছর পর আবারও বিশ্বের সবচেয়ে দামি ক্লাবে পরিণত হয়েছে রিয়াল মাদ্রিদ। সম্প্রতি ব্যবসায় মূল্যায়নকারী প্রতিষ্ঠান ব্র্যান্ড ফিনান্স তাদের বার্ষিক প্রতিবেদনে জানায়, বাণিজ্যিক রাজস্বের সাথে সাথে টানা তিনবার ইউরোপীয় শ্রেষ্ঠত্ব অর্জন করার ফলেই এই অর্জন করেছে তারা। একই প্রতিবেদন দেখায়, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হটিয়ে সবচেয়ে শক্তিধর ব্র্যান্ড ভ্যালুসম্পন্ন ক্লাবেও পরিণত হয়েছে দলটি।

ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রস্থানের পর মাঠের খেলায় এর ছাপ পড়লেও স্প্যানিশ জায়ান্টদের মাঠের বাইরের বাণিজ্যে তা তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। ২০১৮ থেকে ২০১৯ সালে দলটির ব্র্যান্ড ভ্যাল্য বেড়েছে ২৬.৯ শতাংশ। দলটির মোট দাম এখন ১.৬ বিলিয়ন ইউরো। ফলে ১.৪ বিলিয়ন ইউরো ব্র্যান্ড ভ্যালু নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের শীর্ষস্থান খুইয়েছে।

রিয়াল মাদ্রিদ তাদের জার্সি পৃষ্ঠপোষক এমিরেটসের কাছ থেকে চলতি মৌসুমে ৭০ মিলিয়ন ইউরো, এডিডাসের কাছ থেকে ১১০ মিলিয়ন ইউরো আয় করেছে। ম্যাচ থেকে পাওয়া রাজস্বের পরিমাণ ১৪৩ মিলিয়ন ইউরো।

মাদ্রিদের এই উত্থানকে ব্র্যান্ড ফিনান্সের ব্যবস্থাপক ব্রায়ান অ্যান্ডারসন দেখছেন বিশ্ব ফুটবলে ক্লাবটির শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসেবেই। তিনি বলেন, ‘এ বছর রিয়াল মাদ্রিদ দেখিয়েছে কারা বিশ্ব ফুটবলে কোন ক্লাব সেরা। তাদের এই শ্রেষ্ঠত্ব শুধু মূল্যবান ও শক্তিধর ক্লাব হিসেবেই ক্লাবটির নাম উজ্জ্বল করেনি, বরং তাদের এন্টারপ্রাইজ মূল্য ও স্টেডিয়াম মূল্যও বিশ্বে অদ্বিতীয়।’

ম্যাচ থেকে পাওয়া রাজস্ব, প্রচার রাজস্ব ও বাণিজ্যিক রাজস্ব ইত্যাদি হিসেবে এনে ব্র্যান্ড ফিনান্স একটি ক্লাবের ব্র্যান্ড শক্তি ইন্ডেক্সে ১০০ স্কোরকে মানদণ্ড ধরে একটি ফলাফল প্রকাশ করে, যাতে বিশ্বের সবচেয়ে শক্তিধর ব্র্যান্ড ভ্যালুর ক্লাব নির্ণয় করা হয়। যেখানে গেল বছর ৯৬.২ স্কোর থাকলেও এ বছর রিয়াল মাদ্রিদের স্কোর কমে দাঁড়িয়েছে ৯৫.৫ এ। তারপরও বাকি ক্লাবদের অবনমন শীর্ষে তুলে দিয়েছে রিয়ালকে। গেল বছর ৯৬.৭ স্কোর নিয়ে তালিকাটির শীর্ষে থাকা বার্সেলোনা ১.৭ স্কোর কমে এবার দ্বিতীয় স্থানে নেমে এসেছে।

তালিকায় থাকা অন্য দলগুলো হচ্ছে, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, প্যারিস সেইন্ট জার্মেই, আর্সেনাল ও টটেনহ্যাম হটস্পার।