ফরিদপুরে গোয়েন্দা পুলিশের
ধাওয়ায় কুমার নদে পড়ে যুবকের মৃত্যু
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২২:০৮
রবিবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে কুমার নদে লাফ দেয় সেলিম (৩৫)। মঙ্গলবার সকালে কুমার নদ থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের কুমার নদের হাজী শরীয়তুল্লাহ বাজার সংলগ্ন আলীমুজামান ব্রিজের নিচ থেকে সেলিমের লাশ উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ। নিহত সেলিম শহরের আলীপুর এলাকার মৃত আলী শেখের ছেলে। হাজী শরীতুয়াল্লাহ বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, রবিবার রাতে কয়েকজন ব্যবসায়ী নদের পাড়ে বসে তাস খেলছিল এসময় ডিবি পুলিশ তাদেরকে ধাওয়া করলে সেলিম পুলিশের ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় নদে লাফ দেয়। এলাকার লোকজন ও ডুবুরী দিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার ভোরে কুমার নদে বাজারের লোকজন লাশ ভাসতে দেখে। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ডিবি ইন্সপেক্টর মো. তোতামিয়া বলেন, আমরা ওদের ধাওয়া করিনি। আমরা পাশেই অন্য একটা অভিযানে গিয়েছিলাম। ডিবি আসার খবর শুনেই ওরা দৌড়ে পালানোর সময় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তিনি বলেন, নিহত সেলিম একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ সৈয়দ মহাসিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সেলিমের নামে কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে।