সাগর-রুনি হত্যার বিচারের ব্যর্থতার দায় সরকারের
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২২:৫৫
সাগর-রুনি হত্যার বিচারের ব্যর্থতার দায়ভার সরকারের উল্লেখ করে সাংবাদিক নেতৃবৃন্দ অনতিবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের পদত্যাগ দাবি করেছেন। একই সঙ্গে আগামী ১১ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে সাগর-রুনি হত্যা মামলার কোন অগ্রগতি না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ও মন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষনা করা হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সমাবেশে মন্ত্রীর পদত্যাগ দাবি ও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আলতাফ মাহামুদ প্রমুখ।
সভাপতি শাহেদ চৌধুরী তার বক্তব্যে সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রকৃত আসামি গ্রেফতার ও সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, সাগর-রুনি হত্যার বিচার না হলে দেশে কোন সাংবাদিক আর নিরাপদে থাকবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, সাগর-রুনি’র হত্যাকাণ্ড নিয়ে কোন রাজনীতি চলবে না। এর সঠিক বিচার যতদিন না হবে, আমরা ততদিন রাজপথেই থাকবো।