রামপাল বিদ্যুত্ কেন্দ্রের কাজ শুরু করলেই হরতাল, ঘেরাও
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২২:৫৭
রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের কোনো কাজ শুরু করলেই হরতাল, জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও, অবরোধ, গণঅবস্থানসহ বিভিন্ন কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল মঙ্গলবার রাজধানীর পল্টনে অবস্থিত মুক্তি ভবনে রামপাল নিয়ে পরবর্তী কমূসচি বিষয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় কমিটি।
সাংবাদিক সম্মেলনে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল¬াহ, সদস্য সচিব আনু মুহাম্মদ, সাইফুল হক, মোশরেফা মিশু, রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশিদ ফিরোজ, জোনায়েদ সাকিসহ অন্যরা উপস্থিত ছিলেন। শেখ শহীদুল¬াহ বলেন, বাংলাদেশের রক্ষাবাঁধ সুন্দরবন ধ্বংস হয় এরকম প্রকল্প বাংলাদেশের মানুষ কোনভাবেই হতে দেবে না, প্রয়োজন অনুযায়ী কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেয়া হবে।
আনু মুহাম্মদ বলেন, বিশেষজ্ঞদের মত ও জাতীয় আন্দোলন উপেক্ষা করে গত ৫ অক্টোবর ২৫০ কি.মি. দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে রামপালে ভিত্তি ফলক উন্মোচন করা হয়। এতে বোঝা যায় যে, সরকারের গণরায়ের সামনে দাঁড়ানোর নৈতিক সাহস নেই। এই প্রকল্পের মাধ্যমে ভারতের সঙ্গে বন্ধুত্বের পথ আরো সঙ্কুচিত করেছে সরকার।