গোমস্তাপুরে জমি দখলের প্রতিবাদে উপজাতিদের বিক্ষোভ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২২:৫৯
উপজেলায় ভূমিদস্যুদের জমি জালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ইউএনওকে স্মারকলিপি প্রদান করেছে উপজাতিরা। গতকাল মঙ্গলবার রহনপুর পৌর এলাকার খোয়াড়মোড় থেকে উপজাতিরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা শহীদ স্মৃতি স্তম্ভে জাতীয় আদিবাসী পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, উপজেলা লাহান্তি আখড়া ফোরাম ও লাহান্তি ফাউন্ডেশন আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন নেত্রী বিচিত্রা তির্কী। এসময় বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, নওগাঁ জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, সাংবাদিক সৈয়দ-উল-আলম কাজল, সেলিম জাহাঙ্গীর, উপজাতি নেত্রী বিষদ মনি টপ্প, শ্রী সিতিশ, গণেশ, কানু মুর্মু প্রমুখ। উপজাতিদের দেয়া স্মারকলিপি গ্রহণ করে তাদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ভূমি দস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। উপজেলার রাধানগর ইউনিয়নের বসনইল মৌজার প্রায় ৩৩.৬৬ একর জমি ভূমি দস্যুরা জাল করে নেয়ার প্রতিবাদে উপজাতিদের এ কর্মসূচি পালন করেন।