ডিপ্লোমা শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

দুই দফা দাবি আদায় এবং সারাদেশে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে আবারো সড়ক অবরোধ ও ক্যাম্পাসে ভাঙচুর চালিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই দাবিতে মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনাল পরীক্ষা বর্জন করে তারা । পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দুই দফায় তেজগাঁওস্থ পলিটেকনিকের সামনে শিক্ষার্থীরা রাস্তা অবরোধসহ বিক্ষোভ করে। এসময় রাস্তায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। তাদের ঘোষিত দুই দফা দাবি গেজেট আকারে হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকের সহস্রাধিক শিক্ষার্থী এসে পরীক্ষা বর্জন করে ঢাকা পলিটেকনিকের দক্ষিণ গেটের রাস্তা অবরোধ করে। এসময় ছাত্রলীগের কয়েকজন নেতা বেশ কিছু শিক্ষার্থীকে পরীক্ষা দেয়ানোর জন্য ভেতরে নেয়ার চেষ্টা করে। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে একাডেমিক ভবনে ভাঙচুর চালায় ও ফের সড়কে এসে অবস্থান নেয়। আন্দোলনকারীরা জানায়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পরীক্ষা বর্জন করা হয়েছে। তারা জানায়, সারাদেশে তাদের কয়েকজন ছাত্রকে আটক করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। অনতিবিলম্বে আটকদের মুক্তি দাবি করে শিক্ষার্থীরা।