অ্যালবাম
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ১৮:১৫
আগামী
ফাহিম মিউজিক বাজারে নিয়ে এসেছে কণ্ঠশিল্পী রফিক সাদীর একক অ্যালবাম ‘আগামী’। অডিও অ্যালবামটিতে মোট ৯টি বিভিন্ন ধরনের গান রয়েছে। গানগুলো হচ্ছে, ‘ক্যামেলিয়া’, ‘বহুদিন পর একটি কবিতা’, ‘রোদ ঝিলমিল’, ‘আগামী’, ‘একটি গ্রাম কাকড়গাছী’, ‘ভালো থেকো ফুল’, ‘মন ভালো নেই’, ‘আমি তোমার সঙ্গে আছি’, ‘বাংলাদেশ’। গানের কথাগুলো লিখেছেন বিশিষ্ট গীতিকার সাজ্জাদ হোসেন, নেহু লোটাস, রফিক সাদী, বদরুজ্জামান আলমগীর, ড. হুমায়ুন আজাদ ও হেদায়াতুল হক। এর মধ্যে দুটি গান মহাদেব সাহা ও হুমায়ুন আজাদের কবিতা ‘বহুদিন পর একটি কবিতা’ ও ‘শুভেচ্ছা’ অবলম্বনে করা হয়েছে। গানগুলো কম্পোজিশন করেছেন রফিক সাদী ও বাপ্পা মজুমদার।
চলো বাঁচি
জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর একক অডিও অ্যালবাম ‘চলো বাঁচি’ প্রকাশ করতে যাচ্ছে লেজার ভিশন। জুলফিকার রাসেলের কথায় অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করেছেন নকীব খান, পিলু খান, জয় সরকার, রুপঙ্কর বাগচী ও রাঘব চ্যাটার্জী। অ্যালবামটিতে মোট ১০টি গান রয়েছে।
হবেই ভালো থাকা
লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছে নবীন কণ্ঠশিল্পী ফাইজুর মিল্টনের প্রথম একক অডিও অ্যালবাম ‘হবেই ভালো থাকা’। অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। অ্যালবামটিতে মোট ৯টি গান রয়েছে।
কুরবানী
এ ছাড়াও প্রকাশিত হয়েছে বাংলা কাওয়ালীর অডিও অ্যালবাম ‘কুরবানী’। মোস্তাক জাহিদের পরিচালনায় অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন ড. সমীর কাওয়াল ও তার দল। অ্যালবামটিতে মোট ৮টি কাওয়ালি রয়েছে।