জন্মদিন

তাহসান মিউজিক ইন্ডাস্ট্রিতে তাহসানের অভিষেক হয়েছিল তারুণ্যপ্রিয় ব্যান্ড ব্ল্যাকের অন্যতম ভোকাল হিসেবে। ব্ল্যাকের প্রথম দুটি অ্যালবাম ‘আমাদের পৃথিবী’ আর ‘উত্সবের পরে’ দিয়ে কণ্ঠশিল্পী হিসেবে নিজের জাতটা চিনিয়েছিলেন তাহসান। আর সেই পরিচয়ের রেশটা শ্রোতাদের মনে এমনভাবেই গেঁথে গিয়েছিল যে ব্ল্যাকের ব্যানার থেকে দূরে সরে গিয়ে যখন সলো অ্যালবাম ‘কথোপকথন’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন তাহসান, তখন তার জনপ্রিয়তার পালেও লাগল নতুন হাওয়া। কণ্ঠটা তার আগেই চেনানো হয়ে গিয়েছিল। তাই নতুন যাত্রায় তাহসান নতুন করে চেনালেন তার কম্পোজিশনের গভীরতা। শ্রোতাদের ভালোলাগা আর সুর সৃষ্টির মোহতেই একে একে শ্রোতাদের উপহার দিলেন ‘কৃত্যদাসের নির্বাণ’, ‘ইচ্ছে’ ও ‘নেই’ শিরোনামের আরও তিনটি অ্যালবাম। এরই মাঝে দর্শক ভিন্ন এক তাহসানকে দেখার সুযোগ পেয়েছে ‘পন্ডস’ ও ‘জুঁই’-এর বিজ্ঞাপন আর ‘কাছের মানুষ’-এর মতো নাটকের কুশীলব হিসেবেও। সবমিলিয়েই সৃষ্টির আঙ্গিনায় তারুণ্যের এক রোলমডেল হিসেবে নিজেকে গড়ে তুলেছেন তাহসান। আগামী ১৮ অক্টোবর তরুণ প্রজন্মের এই জনপ্রিয় গায়কের জন্মদিন। আর তাই আনন্দ বিনোদন পরিবারের পক্ষ থেকে তার জন্য রইল জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা। এ সপ্তাহের জন্মদিন ১১ অক্টোবর :অপু বিশ্বাস ১৬ অক্টোবর :ইমন সাহা, শিমুল মুস্তফা, জন মেয়ার, অস্কার ওয়াইল্ড, হেমা মালিনী ১৭ অক্টোবর :এমিনেম, ক্রিস কার্কম্যাট্রিক, সঞ্জয় কাপুর।