টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. ইব্রাহীম (৩২) নিহত হয়েছে। গতকাল শনিবার ভোরে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া ঘাটের উত্তর পার্শ্বে ঝাউ বাগান বালুর চরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, টেকনাফ মডেল থানা পুলিশের হাতে আটক নুরুল আমিন বল্লার পুত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি ইব্রাহীমকে নিয়ে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া ঘাটের উত্তর পার্শ্বে ঝাউ বাগান বালুর চরে মজুদ রাখা ইয়াবা উদ্ধার অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইব্রাহীমের সহযোগীরা গুলি ছুড়তে থাকে। এতে এসআই দীপক বিশ্বাস, কনস্টেবল মো. শাকিল ও মো. লিটু আহত এবং আটক মাদক ব্যবসায়ী ইব্রাহীম গুলিবিদ্ধ হয়। এরপর পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যসহ ইব্রাহীমকে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক কক্সবাজারে রেফার করে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় ইব্রাহীম মারা যায়।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ঘটনাস্থল তল্লাশি করে ৩টি আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ এবং ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে মামলার প্রস্তুতি চলছে।