গার্মেন্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ক্যারিয়ার
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২০:৫৩
গার্মেন্ট সেক্টরে ক্যারিয়ার গড়তে দীর্ঘ দিন যাবত কাজ করছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানেজমেন্ট (বিজিএমআই)। যাদের রয়েছে গার্মেন্ট সেক্টরের চাকরিরত অভিজ্ঞ শিক্ষক, যারা হাতে-কলমের মাধ্যমে বাস্তব প্রশিক্ষণ দিয়ে থাকেন। আর এই প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী দিয়ে বাংলাদেশ গার্মেন্ট সেক্টর থেকে প্রতি বছর হাজার হাজার বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এমনই একটি সেক্টরে সফলভাবে ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বিজিএমআই। এই প্রতিষ্ঠানে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন মেকিং, ওয়ার্ক স্টাডি, সোস্যাল কমপ্লায়েন্সসহ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সগুলোর ওপর ১ বছর ও ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়। ১ বছরের কোর্স সম্পন্ন করতে ৫০ হাজার টাকা খরচ হবে এবং ৬ মাসের কোর্স সম্পন্ন করতে ১২ হাজার ৫ শ টাকা খরচ হবে। ০১৯১১৫৬২৬৭৭ , ৮৯২১২৯৫ নম্বরে ফোন করে এ সম্পর্কে আরও জানতে পারবেন।
পোশাক তৈরির ক্ষেত্রে তন্তু থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়ের রঙ, ছাপা ও ধৌতকরণ, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী রুচিসম্মত পোশাক তৈরি, বায়ার ডিলিংস, কস্টিং কনজাম্পশন ইত্যদি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। শুধু প্রশিক্ষণই নয়, প্রশিক্ষণার্থীদের এমনভাবে গড়ে তোলা হয় যেন বাস্তব ক্ষেত্রে তাদের জড়তা কাটিয়ে একজন ভালো কমিউনিকেটর বিহেভিয়ার, ভাষাগত সমস্যা সমাধানসহ সর্বোপরি জব মার্কেটের উপযুক্ত করে গড়ে তোলা হয়। বিজিএমআই প্রফেশনাল কোর্সের মাধ্যমে শুধু গার্মেন্ট বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। যেমন, ফ্যাশন ডিজাইনে ইন্ট্রোডাকশন টু ফ্যাশন, ইলেমেন্টস অব ডিজাইন, টেক্সাইল, বডিস অ্যান্ড ভেরিয়েশন্স, প্রোডাক্ট অ্যান্ড আরএমজি ইন্ডাস্ট্রিজ, প্রোডাকশন টার্মিনলজি, টেক্সাইল টার্মিনলজি, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম প্রভৃতি সর্ম্পকে শিক্ষা দেওয়া হয়। যারা এসব বিষয়ে পড়াশোনা শেষ করেছে এবং রয়েছে জব এক্সপেরিয়েন্স তাদের দিয়েই শিক্ষা দেওয়া হয় । এসব বিষয়ে প্রশিক্ষণের পর গার্মেন্টস সেক্টরে, বুটিক হাউজগুলোতে চাকরিসহ ব্যবসা করা যেতে পারে। এসব প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বিজিএমআই’র সিইও মো.মোনায়েম ভূঁইয়া বলেন, ‘পোশাক শিল্প আমাদের দেশের একটি সম্ভাবনাময় শিল্প। এখানে সবসময় পর্যাপ্ত পরিমাণ লোকবল প্রয়োজন হয়। তাই এর চাহিদা কখনও শেষ হবে না।’ তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে জানান, তিনি বিজিএমআইকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান যেন শিক্ষার্থীরা এই বিষয়গুলো পড়তে আরও উত্সাহ পায় এবং গার্মেন্ট সেক্টরকে আরও সমৃদ্ধ করে ।
যোগাযোগ :বাড়ি-০৪, রোড-১২, সেক্টর-৬,উত্তরা, ঢাকা।