তারপরও সন্তুষ্ট ফুলটন

নাম তার ফুলটন; ভেঙে আক্ষরিক অনুবাদ করলে দাঁড়ায়—পুরো সেঞ্চুরি! বেচারা পিটার ফুলটন। গতকাল অন্তত ‘নামকরণের সার্থকতা’টা প্রমাণ করতে পারলেন না ২৭ রানের জন্য। নামের দাম রাখতে না পারায় ফুলটনের দুঃখ হয়তো নেই; তবে সেঞ্চুরির এতো কাছে গিয়ে ফিরে আসায় খুবই আফসোস করলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। এই আফসোসের পাশাপাশি গতকাল দিনশেষের সংবাদ সম্মেলনে এসে ফুলটন বলে গেলেন, শেষ বিকেলের ধাক্কার পরও বেশ শক্ত অবস্থায়ই আছে তার দল। এটা ফুলটনও মানছেন যেরকম শুরু তাদের হয়েছিল, তাতে এর চেয়ে ভালো অবস্থায়ই থাকা উচিত ছিল। বিশেষ করে নিজের সেট হয়ে যাওয়ার পরও আউট নিয়ে রীতিমতো হতাশ তিনি, ‘উইকেট আমরা এরকমই আশা করেছিলাম। বল নিচু হচ্ছে, আস্তে ব্যাটে আসছে বল। তারপরও কেন উইলিয়ামস আর আমি ভালো একটা অবস্থায় নিয়ে যাচ্ছিলাম। আমরা গত কয়েক দিন ধরে এটা আলাপ করেছি—কেউ সেট হয়ে গেলে তাকে বড় স্কোর করতে হবে। এরপরও আমি চালিয়ে যেতে না পারাটা খুবই হতাশার। বিশেষ করে যে বলে আউট হয়েছি! তবে শেষ পর্যন্ত ভালো একটা শুরু করতে পারায় আমি খুশি।’ ভালো শুরুটার জন্য নিজেকে খুব বেশি কৃতিত্ব দিতে রাজী নন ফুলটন। ভারতের বিপক্ষে ভারতের মাটিতে সেঞ্চুরি দিয়ে টেস্ট শুরু করা উইলিয়ামসন স্পিনের বিপক্ষে আরেকবার যে দক্ষতা দেখিয়েছেন, সেটাকেই মূল ব্যাপার বলে দাবি করছেন তিনি। উইলিয়ামসনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বললেন, ‘ও সবসময়ই স্পিনের বিপক্ষে খুব ভালো খেলে। ওর এমন ব্যাটিংয়ের ফলে কাজটা খুব সহজ বলে মনে হয়েছে। এখানে যে উত্তাপ ও আর্দ্রতা, তাতে ব্যাটিং করা মোটেও সহজ নয়। ওর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, ধৈর্য ধরে ব্যাটিং করে, খারাপ বলটা এলে মেরে দেয়।’ উইলিয়ামসন এবং নিজে কাল যেভাবে বাহাতি খেলোয়াড়দের সামলেছেন, তার প্রশংসা নিজেই করলেন ফুলটন, ‘ওদের দু’জন বিশ্বমানের বাহাতি স্পিনার আছে দলে। এরাই প্রতিটা টেস্টে বেশিরভাগ সময় ধরে বল করবে, এরাই বেশিরভাগ উইকেট নেবে। ফলে এদের ভালোভাবে সামলানোটা জরুরী ছিল। দিনের বেশিরভাগ সময় সেটা আমরা করতে পেরেছি।’ নিজের এবং উইলিয়ামসনের এই ইনিংসের পরও শেষ বিকেলে যে তিনটে আঘাত তাদের মারাত্মক হতাশ করেছে, সেটা স্বীকার করলেন ফুলটন। বিশেষ করে উইলিয়ামস ও ম্যাককালামকে হারানোটা খুব ক্ষতির হয়েছে বলেই মনে করছেন তিনি, ‘আমরা ৮৫ ওভার ভালো ব্যাট করেছি। একেবারে শেষ দিকে এসে কেন (উইলিয়ামসন) ও ব্রেন্ডনকে (ম্যাককালাম) হারানোটা সত্যিই হতাশার। এতে আমাদের পরিকল্পনা একটু ধাক্কা খেয়েছে।’ তারপরও হাল ছাড়ছেন না ফুলটন। এখনও ৪০০ রানের লক্ষ্যেই পরিকল্পনা আটছেন তারা, ‘২৮০ রান করে ফেলেছি আমরা। এখন ৪০০ রানের আশেপাশে একটা স্কোর করতে হবে। সেটা করলেই বলতে হবে, ভালো অবস্থানে আছি আমরা।’