টেস্টকে বিদায় বললেন দিলশান
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৩৪
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক এবং উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান। কিন্তু ছোট ফর্মেটের ক্রিকেটে তিনি জড়িত থাকবেন বলে লংকান ক্রিকেট বোর্ড বুধবার নিশ্চিত করেছে।
শ্রীলংকা ক্রিকেটের মুখপাত্র রাজিত ফার্নান্দো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিদায়ের ঘোষণা দেবেন সোমবার ৩৭ বছরে পা রাখতে যাওয়া দিলশান। তবে তিনি বলেন, ‘আমি অবসরে যাচ্ছি। কারণ আমি চাই আমার জায়গায় কোনো তরুণ খেলুক। জিম্বাবুয়ের বিপক্ষের টেস্ট সিরিজের পরই অবসরের ঘোষণা দিতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সিরিজটি বাতিল হয়ে যায়।’ টেস্ট থেকে অবসর নিলেও ক্রিকেটকে একেবারে বিদায় জানাচ্ছেন না এই অলরাউন্ডার। ইচ্ছা ২০১৫ বিশ্বকাপটা খেলে অবসরে যাওয়ার, ‘আমি আমার ভবিষ্যত্ নিয়ে দলের নির্বাচকদের সাথে কথা বলবো। তারা যদি চান তাহলে আমি ১০১৫ বিশ্বকাপ খেলবো।’ দলের থেকে সেই আশ্বাসও পেয়েছেন এই লংকান।
১৯৯৯ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন আগ্রাসী এই ডানহাতি ব্যাটসম্যান। ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে ৮৭টি টেস্ট খেলা দিলশান বাংলাদেশের বিপক্ষে চলতি বছরের মার্চে কলম্বোতে সর্বশেষ টেস্ট ম্যাচে খেলেছেন।
টেস্ট ক্যারিয়ারে ৪০.৯৮ গড়ে ১৬টি সেঞ্চুরিসহ তার সর্বমোট রান সংখ্যা ৫৪৯২। টেস্টে লংকান ব্যাটসম্যানদের মধ্যে দিলশান ষষ্ঠ সর্বোচ্চ রানের মালিক। ক্রিকেটের এই দীর্ঘ ফরম্যাটে তার সর্বোচ্চ রান ১৯৩। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষের সেই ম্যাচে দলের অধিনায়ক ছিলেন দিলশান। এছাড়া অফ স্পিন বোলিং দিয়ে ৪৩.৮৭ গড়ে দিলশান ৩৯টি উইকেটও দখল করেছেন।
টি-২০ র্যাঙ্কিংয়ে শ্রীলংকার ক্রমশই উন্নতির পিছনে দিলশানের অবদান অনস্বীকার্য। গত আগস্টে হামবানটোটায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় উইকেটের জয়ী ম্যাচে দিলশান ৫১ বলে অপরাজিত ৭৪ রান করেছিলেন।
লংকান দলে তিনজন জ্যেষ্ঠ খেলোয়াড়ের মধ্যে দিলশান একজন। আর সামপ্রতিক সময়ে লংকানরা ধারাবাহিক টপঅর্ডার ব্যাটসম্যানের খরায় ভুগছে। ফিল্ডিংয়ে দিলশান ছিলেন লংকানদের মধ্যে সেরা। তাই এই চৌকস ক্রিকেটারের অবসর বিপাকে ফেলবে লংকানদের।