পিছিয়েছে দলবদল, ফেডকাপ নভেম্বরে
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৩৫
পেশাদার ফুটবল খেলোয়াড় দল বদল এবং ফেডারেশন কাপ ফুটবল দু’টোই পিছিয়ে গেছে। দলবদলের সময় বাড়িয়ে ৩১ অক্টোবর এবং ফেডারেশন কাপ ৩ নভেম্বর শুরু করার নতুন সময় নির্ধারণ করেছে বাফুফের লিগ কমিটি।
২০ অক্টোর শেষ হওয়ার কথা ছিল খেলোয়াড় দল বদল। সেটা ২৩ অক্টোবর করা হয়েছিল আরো ২০ দিন আগেও সেটা এক দফা বাড়িয়ে ২৩ অক্টোবর করা হয়েছিল। গতকাল দ্বিতীয় দফায় সময় বৃদ্ধি করে ৩১ অক্টোবর করা হয়েছে। পূজা এবং ঈদের কারণেই নাকি পেশাদার লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে গতকাল। এর মধ্যে আরো আছে ফেডারেশন কাপ ফুটবলে বাছাই পর্ব থাকছে না। সরাসরি মূল পর্ব হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ দল এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) সাত দল নিয়ে ফেডারেশন কাপ ফুটবল ৩ নভেম্বর মাঠে গড়ানোর সময় নির্ধারণ করেছে কমিটি। গত মাসে খেলোয়াড় দল বদল শুরু হলেও গতকাল পর্যন্ত একজন ফুটবলার রেজিষ্ট্রশন করা হয়নি।
মোহামেডানের কাছ থেকে পাঁচ ফুটবলার আগাম পারিশ্রমিক গ্রহণ করে অন্য ক্লাবে যোগ দেয়ার অভিযোগে তাদের পক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র বাফুফেতে দাখিল করেছে মোহামেডান। লিগ কমিটি সব কিছু পাঠিয়ে দিবে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে তারা যাচাই-বাছাই করে প্রকৃত তথ্য উদঘাটন করে জানাবেন। খেলা চলাকালীন বাফুফের নির্বাহী কমিটির কোনো সদস্য মাঠে থাকতে পারবে না এমন সিদ্ধান্ত থাকলেও গত মৌসুমে সে নিয়ম মানা হয়নি। আগামী মৌসুমে নির্বাহী কমিটির সদস্য যেন মাঠে উপস্থিত থাকতে না পারে সে ব্যাপারে অনেকেই সোচ্চার। কারণ বাফুফের সদস্য মাঠে উপস্থিত থাকলে রেফারি প্রভাবিত হন। কিন্তু পেশাদার লিগ কমিটি এবারও বাফুফের নির্বাহী কমিটির কাছে সুপারিশ করবে ক্লাব সংশ্লিষ্ট তার খেলার দিনে মাঠে থাকতে পারবেন। লিগ কমিটি আরো একটি সুপারিশ করার কথা জানিয়েছে কাল। লিগ কমিটির তিন-চারজন প্রতিনিধিকে রেফারিজ কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করবে। আশংকা করা হচ্ছে যদি এমনটি করা হয় তাহলে ম্যাচের রেফারিরা প্রভাবিত হবেন। কিন্তু লিগ কমিটির কর্মকর্তারা বলছেন বিতর্ক মুক্ত কাজের স্বচ্ছতার জন্যই প্রতিনিধি প্রেরণ করা প্রয়োজন।