কক্সবাজার উপজেলা ফুটবল শুরু ২০ অক্টোবর

আগামী ২০ অক্টোবর থেকে কক্সবাজার স্টেডিয়ামে শুরু হচ্ছে উপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। ইতোমধ্যে এ টুর্নামেন্টকে কেন্দ্র করে বিভিন্ন উপজেলা দল গঠিত হয়েছে এবং খেলোয়াড়রা প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। প্রতিদিন বিকালে জেলা এবং উপজেলা সদরের বিভিন্ন মাঠে চলছে উপজেলা দলগুলোর অনুশীলন ম্যাচ। আর এসব ম্যাচ দেখতে মাঠে ভিড় করছে শত শত দর্শক। এতে দারুণ প্রাণচঞ্চল হয়ে ওঠেছে জেলার ক্রীড়াঙ্গন। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিমউদ্দিন জানান, একটি শক্তিশালী জেলা ফুটবল দল গঠনের লক্ষ্যে আবারও উপজেলা ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট চালু করা হচ্ছে। নানা কারণে মাঝখানে বেশ কয়েক বছর বন্ধ থাকার পর নতুন করে এ টুর্নামেন্টের আয়োজন হওয়ায় জেলার ক্রীড়াঙ্গন আবারও প্রাণচঞ্চল হয়ে ওঠেছে।