বি সি বি র নি র্বা চ ন আ জ

কঠিন পরীক্ষায় লিপু দুর্জয় সুজন ও মঞ্জুর কাদের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আজ বৃহস্পতিবারের নির্বাচনটি আরো বেশি আলোচিত এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারতো যদি নির্বাচনে সব পক্ষ অংশ নিতো। কিন্তু বিভিন্ন অভিযোগে একটা পক্ষ নির্বাচন বর্জন করায় ২৩ পরিচালক পদে ১৯ জন এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। তারপরও তিন ক্যাটাগরিতে আজ চারটি পরিচালক পদের জন্য সাতজন প্রার্থীকে ভোটাভুটিতে যেতে হচ্ছে। এদের তিনজন আবার জাতীয় দলের সাবেক অধিনায়ক। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি টাওয়ার) ষষ্ঠ তলায় সম্মেলন কক্ষে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বিরতিহীনভাবে। আজই ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে অনেকে ক্রিকেটের লোক না হয়েও বিসিবির পরিচালক বনে গেছেন। অথচ ক্রিকেট অন্তঃ প্রাণ কয়েকজনকে ব্যালটের মাধ্যমে ভোটারদের রায় নিতে হচ্ছে। এরা হলেন তিন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন। তাদের সাথে আছেন আলোচিত আরেক সংগঠক মঞ্জুর কাদের। মূলত এই চার জনের উপরই ভোটার এবং ক্রিকেটাঙ্গনের নজর থাকছে। চারজন্যই চ্যালেঞ্জের মুখোমুখি এসে দাঁড়িয়েছেন। ঢাকা বিভাগ (এক নম্বর ক্যাটাগরি) থেকে মির্জা জিল্লুর রহমান, নাঈমুর রহমান দুর্জয় এবং মঞ্জুর কাদের লড়ছেন দুটি পদের জন্য। ক্রীড়া সংশ্লিষ্টরা তিন প্রার্থীর মধ্যে মঞ্জুর কাদের এবং দুর্জয়কে এগিয়ে রাখছেন। মনে করা হচ্ছে এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। জামালপুরের মির্জা জিল্লুর রহমান যদি ভোটের পাল্লায় উের যান তাহলে সেটা হবে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় চমক। ধারণা করা হয় তার পেছনে রয়েছে রাজনৈতিক শক্তি এবং এজন্যই মঞ্জুর কাদের এবং দুর্জয়কে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন মির্জা জিল্লুর রহমান। জোর লড়াই হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং সার্ভিসেস দলগুলোকে নিয়ে গঠিত তিন নম্বর ক্যাটাগরির নির্বাচনে। এখানে একটি পরিচালক পদের জন্য দুই জায়ান্ট সাবেক তারকা ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু এবং খালেদ মাহমুদ সুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দু’জনেই এরই মধ্যে সংগঠক হিসাবে ক্রিকেটের জন্য কাজ করেছেন। তারা মনে করছেন ভোটাররা সঠিক সিদ্ধান্তই দেবেন। তারপরও ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন লিপু এবং সুজন, দু’জনের সেবা পেলে ক্রিকেটেরই কাজে লাগতো। দুর্ভাগ্য হলেও সত্য একজনকে সরে যেতে হবে আজ। আজ যারা নির্বাচন করছেন প্রার্থীরা হলেন এক নম্বর ক্যাটাগরির ঢাকা বিভাগ থেকে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার মির্জা জিল্লুর রহমান, মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নাঈমুর রহমান দুর্জয় এবং মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মঞ্জুর কাদের। এক নম্বর ক্যাটাগরির রাজশাহী বিভাগ থেকে একটি পরিচালক পদের জন্য প্রার্থী দু’জন। রাজশাহীর রাফিউস সামস প্যাডী এবং পাবনার সফিকুল ইসলাম স্বপন। শিক্ষা প্রতিষ্ঠান এবং সার্ভিসেস দলগুলোকে নিয়ে তিন নম্বর ক্যাটাগরিতে পরিচালক পদ একটি, প্রার্থী দুইজন। খালেদ মাহমুদ সুজন এবং গাজী আশরাফ হোসেন লিপু। ভোট বাতিল হতে পারে যদি.... যে ক্যাটাগরিতে দুটি পরিচালক পদ রয়েছে কোন ভোটারকে দুটি ভোট দিতে হবে। একটি কম ভোট দেয়া হলে বাতিল হয়ে যাবে ভোটটি।