পাইকগাছা-তালা-আঠারমাইল
সড়ক মেরামতের উদ্যোগ নেই
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৪১
দক্ষিণাঞ্চলের কয়রা, পাইকগাছা, তালা ও ডুমুরিয়া উপজেলাসহ এ অঞ্চলের মানুষের বিভাগীয় শহর ও জেলা সদর খুলনায়, যশোর যাতায়াতের একমাত্র মাধ্যম পাইকগাছা-তালা-আঠারমাইল সড়ক। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। সড়কটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। পাইকগাছা-তালা-আঠারমাইল পর্যন্ত প্রায় ৩৫ কি.মি. পাকা রাস্তাটি সম্পূর্ণ খানা-খন্দকে পরিণত হয়েছে। জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছালেও চলাচলের একেবারেই অনুপোযোগী এই সড়কটি যেন দেখার কেউ নেই। বিকল্প রাস্তা হিসেবে জাতপুর-শেখেরহাট-খেজুরবুনিয়া-মহন্দী হয়ে তালায় আসছে বিভিন্ন যানবাহন।
প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে সড়কটির বেহাল চিত্রের ছবিসহ সংবাদ প্রচার হলেও সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিনিয়ত শত শত যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, মটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে শংকিত পথচারীরা। এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, অতিবৃষ্টিতে দীর্ঘদিন যাবত্ সড়কের উপর পানি থাকায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।