মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ার লক্ষ্যে শুরু হচ্ছে আসিয়ান সম্মেলন

আঞ্চলিক বিবাদকে পেছনে ফেলে ব্রুনাইতে অনুষ্ঠিতব্য দক্ষিণ-পূর্ব আঞ্চলিক সহযোগিতা সংস্থার (আসিয়ান) ১৬ তম অধিবেশনে যোগ দিতে শুরু করেছেন সদস্য দেশগুলোর প্রধানরা। বুধবার তারা অধিবেশন উপলক্ষে দেশটির রাজধানী বন্দর সেরি বেগওয়ানে মিলিত হন নেতারা। সম্মেলনে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার বিষয়ে উদ্যোগ নেয়া হবে বলে জানা গেছে। এদিকে অনুষ্ঠানে অংশ নিতে এদিন সকালে বেইজিং ছেড়েছে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার অনুপস্থিতিতে চীন প্রধান ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। এছাড়া আসিয়ানে দুই দিনের রুদ্ধদার বৈঠকে আরো ৮টি দেশের প্রধানরা এসব নেতার সাথে যোগ দিবেন। মুক্ত বাণিজ অঞ্চল প্রতিষ্ঠা ছাড়াও সমুদ্রসীমা বিরোধগুলো মীমাংসা করারও উদ্যোগ নিবেন নেতারা। এদিকে বাজেট নিয়ে চলমান অচলাবস্থায় আসিয়ান সম্মেলনে অংশ নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়া ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সম্মেলনেও থাকছেন না তিনি। এর আগে এই একই কারণে এশিয়া সফর বাতিল করেন ওবামা। তার পরিবর্তে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মার্কিন প্রতিনিধিত্ব করবেন। আসিয়ান নেতারা ২০১৫ সাল অর্থাত্ দুই বছরের ভেতর ইউরোপীয় ইউনিয়নের মত একটি শক্তিশালী জোট গঠন করতে চাইছেন। যেখানে পণ্য, সেবা ও বিনিয়োগের অবাধ প্রবাহ থাকে। তবে এই সময়ের মধ্যে তা করা সম্ভব হবে কি না সেটি নিয়ে সংশয় রয়েছে। ওদিকে এ অঞ্চলের অবকাঠামোর উন্নয়নে অর্থনৈতিকভাবে সহযোগিতার লক্ষ্যে এশিয়ান বিনিয়োগ ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনার কথা ব্রুনাইয়ের একটি সংবাদপত্র বোর্নিও বুলেটিনকে দেয়া এক সাক্ষাত্কারে জানান চীনা প্রধানমন্ত্রী লি। এদিকে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং চার দিনের সফরে ব্রুনাই পৌঁছেছেন। আসিয়ান অঞ্চলে মোট ৫০ কোটি লোকের বসবাস। তাই এ অঞ্চলে কর্তৃত্ব বজায় রাখা নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ চীন ও যুক্তরাষ্ট্রের কাদা ছোঁড়াছুঁড়ির কারণে প্রতি বছরই যথাযথ পদক্ষেপ ছাড়াই শুধু আলোচনার মধ্যেই থেকে যাচ্ছে ১০ জাতির এ সম্মেলন।