মির্জাপুরে ৫টি প্রাইমারি স্কুল
৯ বছরেও সরকারিকরণ হয়নি
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৪৪
সরকারি বিধিমোতাবেক বিদ্যালয় প্রতিষ্ঠা ও শিক্ষক নিয়োগ দিয়েও ৯ বছরেও ৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ হয়নি। বিদ্যালয় সরকারিকরণ এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে এমপিসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। গতকাল সোমবার ৫টি বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয় সরকারিকরণ ও চাকরি স্থায়ীকরণের দাবিতে তাদের পরিবার-পরিজন নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে অভিযোগ তুলে ধরেছেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে দেখা গেছে অসহায় শিক্ষকরা অবস্থান করছে। ৫টি বিদ্যালয় হচ্ছে আলহাজ্ব শফিউদ্দিন মিঞা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়,আন্দিপাড়া হনুফা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, আমড়াতৈল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সিবিএ চুয়াত্তর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গাজেশ্বরী আলাউদ্দিন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। চুয়াত্তর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম ও অপর চারটি বিদ্যালয়ের শিক্ষকরা অভিযোগ করেন, সরকারি বিধিমোতাবেক জমি, দলিল, খাজনা খারিজসহ বিদ্যালয় স্থাপন করে নিয়োগ কমিটি ও সরকারি প্রতিনিধিদের মাধ্যমে তাদের নিয়োগ দেয়া হয়। ২০০৪ সাল থেকে তারা বেতন ভাতা না পেয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। তাদের বিদ্যালয় থেকে সমাপনী ও বার্ষিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা অংশ নিয়ে ভাল ফলাফল করে আসছে। অথচ স্থানীয় শিক্ষা অফিস বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও তালবাহানা করে তাদের বিদ্যালয়গুলোর বিরুদ্ধে রিপোর্ট দেয়ায় তাদের বিদ্যালয়গুলো সরকারিকরণ হচ্ছে না।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা মাহফুজা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্যালয়গুলো সরকারিকরণসহ শিক্ষকদের সার্বিক সহযোগিতার জন্য সার্বিক সহযোগিতা করা হচ্ছে।