১৩ থেকে ২৩ অক্টোবর
পর্যন্ত ইলিশ ধরা নিষেধ
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৪৪
পিরোজপুরের কাউখালীর ৫টি নদীসহ দেশের সব নদ-নদী ও বঙ্গোপসাগর থেকে ১৩ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সময়ে ইলিশ ধরা, মজুত ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।
জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের প্রজনন ও উত্পাদন মৌসুমে হেরফের হওয়ার পরিপ্রেক্ষিতে সরকার ১৯৮৫ সালের ‘মত্স্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের’ কিছু ধারা ২০১১ সালের সেপ্টেম্বরে সংশোধন করে।
মত্স্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সংশোধিত আইনানুযায়ী আশ্বিন মাসের ভরা পূর্ণিমার দিন এবং এর আগের ও পরের পাঁচ দিনসহ মোট ১১ দিন সব ধরনের ইলিশ মাছ ধরা ও পরিবহন, বিপণন ও মজুত করা নিষিদ্ধ। সংশোধিত আইনানুযায়ী, প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার দিনক্ষণ অনুযায়ী এ নিষেধাজ্ঞার দিন নির্ধারিত হবে। সংশোধিত আইনে, নিষেধাজ্ঞাকালীন এসব কর্মকান্ডের জন্য আটক ব্যক্তিকে এক থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদন্ড এবং কমপক্ষে এক হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
অধিদপ্তরের কর্মকর্তারা আরো জানান, নিষেধাজ্ঞাকালীন যাতে কেউ আইন ভাঙতে না পারে, সে জন্য মত্স্য অধিদপ্তর ও উপকূলীয় ৮৪টি উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। কাউখালী উপজেলা মত্স্য কর্মকর্তা গৌতম মণ্ডল জানান, এ কর্মসূচি বাস্তবায়নে গতকাল বুধবার থেকে প্রচার ও সচেতনতামূলক সভা চলছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।