তেলেঙ্গানা ইস্যু
অন্ধ্র প্রদেশে টানা বিক্ষোভে বিপর্যস্ত সেবা খাত
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৪৫
ভারতে অন্ধ্র প্রদেশ থেকে তেলেঙ্গানাকে আলাদা করার প্রতিবাদে চলমান আন্দোলন আরো বেড়েছে। একটানা এই আন্দোলনে প্রদেশটির সেবাখাতে বিপর্যয় নেমে এসেছে। চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। কয়েক হাজার গ্রাম বিদ্যুত্হীন অবস্থায় রয়েছে কয়েকদিন ধরে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।
মঙ্গলবারও প্রদেশের বিভিন্ন স্থানে আন্দোলনের মাত্রা বেড়েছে। এই আন্দোলনে ঘি ঢেলেছে বিদ্যুত্ বিভাগের কর্মচারীদের ধর্মঘট। গত ৩ অক্টোবর ভারতের মন্ত্রিসভায় অন্ধ্র প্রদেশ থেকে তেলেঙ্গানাকে পৃথক করার বিষয়টি অনুমোদন করা হয়। এরপর থেকেই আন্দোলন দানা বাঁধে সারা প্রদেশে। এমনকি কংগ্রেস নেতাদের বাড়িতেও হামলার ঘটনা ঘটে। বিদ্যুত্ বিভাগের কর্মচারীদের ধর্মঘটে বিমানবন্দর, রেলওয়ে এবং হাসপাতালে সেবামূলক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি পানি পর্যন্ত সরবরাহ করা যাচ্ছে না। তিরূপাঠি এবং বিজয়ওয়াদা বিমানবন্দরে জেনারেটরের মাধ্যমে বিদ্যুত্ সরবরাহ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি ধর্মঘট তোলার আবেদন জানালেও বিদ্যুত্ বিভাগের কর্মীরা তা শোনেননি। বিপাকে পড়েছে বিমানবন্দরের যাত্রীরা। হাসপাতালে রোগীরা এসেও প্রয়োজনীয় চিকিত্সা না পেয়ে ফিরে যাচ্ছেন।