বিভিন্ন স্থানে ১২ জনের অপমৃত্যু

দিনাজপুরে দুইজনসহ দেশের বিভিন্ন স্থানে দশজনের অপমৃত্যুর ঘটনা ঘটেছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। রাজশাহী রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, গত সোমবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা সিল্কসিটি আন্ত:নগর ট্রেন রাতে রাজশাহী পৌঁছানোর পর ছাদে ওই যুবকের লাশ পাওয়া যায়। তার নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ওই যুবক ট্রেনের ছাদে উঠলে সিরাজগঞ্জের কৈডাঙ্গা ব্রিজের আঘাতে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে রাজশাহী জিআরপি থানায় ইউডি মামলা হয়েছে। দিনাজপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে গতকাল বুধবার ভোরে ইসমাইল হোসেনের মেয়ে মর্জিনা (১৮) নামে এক কলেজ ছাত্রী অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ময়না তদন্ত শেষে বিকালে অভিভাবকের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। কোতয়ালী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুত্ স্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের বৈরাটি গ্রামের বছিরউদ্দিনের পুত্র এরশাদ মিয়া (২২) ঘাস কাটতে গিয়ে ওই গ্রামের মাহতাব উদ্দিনের সেচ মেশিনের পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। অপর দিকে সোমবার বিকালে কাচিমপুর উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সুমা আক্তার (১৩) নিজ বাড়িতে জলপাই পাড়তে গিয়ে পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই সে মারা য়ায়। সুমা সরিষা ইউনিয়নের চাপিলাকান্দা গ্রামের আব্দুল জলিলের কন্যা। কয়রা(খুলনা) পজেলার মঠবাড়ি গ্রামের মৃত নূর ইসলাম গাজীর পুত্র আবুল হোসেন (৪৫) বজ্রপাতে মারা গেছেন। তিনি ৪ সন্তানের জনক। গত মঙ্গলবার সকাল ১০টার সময় শাকবাড়িয়া নদী সংলগ্ন পবনা ক্লোজারে মাছ ধরা অবস্থায় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় তার সাথে থাকা অপর তিন সঙ্গী গুরুতর আহত হয়। তাদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাগলা নদীর পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত যুবক শাহাবাজপুর ইউনিয়নের ভোলামারি চাঁদপুর গ্রামের মোজাহার আলীর ছেলে আতাউর রহমান (২৫)। এব্যাপারে নিহতের বাবা মোজাহার আলী জানান, গত সোমবার খাসেরহাটে গরু বিক্রয় করতে গিয়েছিল। তা বিক্রি না হলে রাতে গরু নিয়ে নদীপথে আসে। কিন্তু সে সাঁতার না জানায় ঐ গরুর লেজ ধরে আসে। হঠাত্ করে তার হাত থেকে লেজটা ছুটে গেলে বটতলা ঘাট নামক ঐ স্থানে ডুবে যায়। খবর পেয়ে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে। ভালুকা (ময়মনসিংহ) ভালুকা মডেল থানা পুলিশ গত বুধবার সকালে উপজেলার হবিরবাড়ীর আমতলী থেকে অজ্ঞাত (৬০) পুরুষে লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ী আমতলী কটন মিলের পশ্চিম পাশে একটি ঝোপের ভেতর অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে এবং লাশের পাশ থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করে। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে হত্যা করে মুখে বিষ ঢেলে রাখা হতে পারে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ হয়েছে। কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় মানিক মিয়া (৬০) নামে এক অবসরপ্রাপ্ত সৈনিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সে দীর্ঘদিন পারিবারিক সমস্যায় ভুগছিলেন।