পরিবার কল্যাণ সহকারী নিয়োগ স্থগিত
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৪৫
নাগেশ্বরীতে পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগে অনিয়মের অভিযোগ। বঞ্চিত প্রার্থীর অভিভাবকের লিখিত আবেদনের প্রেক্ষিতে নিয়োগ স্থগিত। ৭ এপ্রিল প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পরিবার কল্যাণ সহকারী নিয়োগে কুড়িগ্রামের ৯ উপজেলায় ইউনিটভিত্তিক স্থায়ী বসবাসকারী মহিলাদের নিকট দরখাস্ত আহ্বান করা হয়। উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের সাবেক ৩ (বর্তমান ৭,৮,৯) নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা না হয়েও সাবেক ২নং ওয়ার্ডের মৌসুমী আক্তার, মোর্শেদা খাতুন ও চায়না খাতুন নাগরিকত্ব সনদে ভুল তথ্য দিয়ে ২১ জুন পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়। অনুত্তীর্ণ হয় ওয়ার্ডভিত্তিক স্থায়ী বাসিন্দা ও বৈধ প্রার্থী মাহমুদা, গোলাপী ও সেলিনা খাতুন। বিষয়টি জানতে পেরে ১৯ সেপ্টেম্বর অনুত্তীর্ণ প্রার্থী সেলিনা খাতুনের বাবা গওহারেজ জামান নিয়োগ বন্ধ রেখে তদন্ত করে সঠিক প্রার্থীদের মেধা যাচাই করে ব্যবস্থাগ্রহণের আবেদন করেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট। কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. সামসুজ্জোহা বলেন, অভিযোগ উত্থাপিত হওয়ায় জেলার ৯ উপজেলার পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে।