চড়ারহাট ট্র্যাজেডি দিবস আজ

আজ দিনাজপুর চড়ারহাট ট্রাজেডি দিবস। ১৯৭১ সালের এই দিনে নবাবগঞ্জের চড়ারহাট-আন্দলগ্রামে পাক বাহিনীর গুলিবর্ষণে ১৫৭ জন নিহত হন। স্বাধীনতার সংগ্রাম চলাকালে মুক্তিযোদ্ধারা আশ্রয় নেয় চড়ারহাটে। অন্যদিকে হাকিমপুরের ছাতনীতে ঘাঁটি গাড়ে পাক সেনা। ৩রা অক্টেবর ওই ঘাঁটি হতে ৭ পাক সেনা গরুর গাড়িতে বিরামপুর প্রধান ক্যাম্পে যাচ্ছিল। মুক্তিযোদ্ধারা চড়ারহাটের দু’মাইল পশ্চিমে বিজুল হাটখোলা নামক স্থানে গাড়িটিকে আক্রমণ করে। ঘটনাস্থলেই নিহত হয় ৭ জন পাক সেনা। খবর পেয়ে বিরামপুর আঞ্চলিক পাক সেনা ক্যাম্প ৯ অক্টোবর রাতে ঘেরাও করে চড়ারহাট এবং আন্দলগ্রাম। গ্রামের সকল পুরুষকে দলারদর্গা নামক স্থানে নিয়ে ভেঙ্গে পড়া কালভার্ট মেরামত করতে বলা হয়। আতঙ্কগ্রস্ত গ্রামবাসী দৌড়ে পালাতে চেষ্টা করে। মুহূর্তে গর্জে উঠে হানাদার বাহিনীর এসএমজি এবং এলএমজি। শহীদ হয় ১৫৭ জন গ্রামবাসী। আহত হয় আরো কয়েকশ’। তাদের অনেকেই আজ পঙ্গু জীবনযাপন করছেন।