পিরোজপুরে বন্দুক যুদ্ধে ডাকাত সরদার নিহত

পিরোজপুর সদর থানার বলেশ্বর নদীর তীরে চালনা স্লুইস গেট এলাকায় গত বুধবার জেলা গোয়েন্দা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে পিরোজপুরের কুখ্যাত ডাকাত সরদার ওয়াহেদ (৪৫) নিহত হয়েছে। সে সদর উপজেলার কালিকাঠী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক এবং আট রাউন্ড তাজা গুলি ও খোসা উদ্ধার করেছে। সে পিরোজপুর ও মঠবাড়িয়া থানায় চারটি হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি। এ ছাড়া বন্দুক যুদ্ধে র্যাবের এক সদস্যকে গুলিবিদ্ধ করার দায়ে তাকে সাজা দেয়া হয়। জানা যায়, রাত ২টায় ডাকাত সরদার ওয়াহেদ তার দলবল নিয়ে চালনা নামাজপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিলে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঐ এলাকায় পৌঁছায়। ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত দল ট্রলার নিয়ে পালিয়ে যায়। পরে ব্রিজের পাশে কলা ক্ষেত থেকে ডাকাত সরদার ওয়াহেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, চালনা ব্রিজ এলাকায় পৌঁছানোর সাথে সাথে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। ডাকাতের গুলিতে গোয়েন্দা পুলিশের সদস্য রাসেল, মহিউদ্দিন ও মনির আহত হয়েছেন। লাশ উদ্ধার করে থানায় আনা হয়।