যমুনায় নৌকায় হামলা করে কোরবানির দেড়শ ছাগল ডাকাতি
চৌহালী ও বেলকুচি সংবাদদাতা (সিরাজগঞ্জ)
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২২:১৯
সিরাজগঞ্জের বেলকুচির বেলিরচর এলাকায় যমুনা নদীতে দিনে-দুপুরে নৌকা বোঝাই দেড়শ ছাগল ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল কোরবানির হাটে নেয়ার পথে এসব পশু নৌকার দুই বেপারি ও রাখালদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।
ডাকাতের হামলার শিকার শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামের মানিক বেপারি ও ওহাব বেপারি এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবে এসে জানান, তারা বুধবার বেলা ১১টার দিকে ইঞ্জিনচালিত নৌকাযোগে নিজ এলাকা থেকে ৫ লক্ষাধিক টাকা মূল্যের দেড়শ ছাগল নিয়ে টাঙ্গাইল জেলার শাহাজানী হাটে যাচ্ছিলেন। বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের বেলচর এলাকায় পৌঁছলে ওত পেতে থাকা সশস্ত্র ডাকাত দল তাদের উপর হামলা চালায়। ৩ রাখাল ও তাদের মারধর করে ছাগলগুলো নিয়ে নৌকা অকেজো করে দিয়ে পালিয়ে যায়। এনায়েতপুর থানার এএসআই বেনু রায়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। বেলকুচি থানার ওসি জানান, ঘটনাস্থল তার আওতাধীন এলাকার মধ্যে নয়। একই কথা জানিয়েছে এনায়েতপুর ও চৌহালী থানা পুলিশ।