আজ শিল্পী এস এম সুলতানের ১৯তম মৃত্যুবার্ষিকী

আজ ১০ অক্টোবর, চিত্রশিল্পী এসএম সুলতানের ১৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৪ সালের এই দিনে তিনি মারা যান। শিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের চিত্রা পাড়ের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিল্পীর অসাধারণ তুলির আঁচড়ে বিশ্বখ্যাত চিত্রশিল্পী হিসাবে পরিচিতি লাভ করেন তিনি। নড়াইলের লাল মিয়া থেকে হয়ে যান বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান। সুলতান ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’ নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কার লাভ করেন। ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা, ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। দিনটি উপলক্ষে এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে শিল্পীর বাসভবনে কোরআনখানি, মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল, শিশুস্বর্গে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।