দাবি না মানলে ঢাকা ছাড়বেন না শিক্ষকরা

স্বীকৃতিপ্রাপ্ত প্রায় ৭ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা না দিলে ঢাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। দ্বিতীয় দিনের অনশন কর্মসূচি চলাকালীন গতকাল বুধবার এ ঘোষণা দেন নন-এমপিও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের (একাংশ) সভাপতি মো: এশারত আলী। বুধবার সকাল ১০টা থেকে নন-এমপিও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের একাংশ অনশন করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে এবং অপর অংশ অনশন পালন করছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। তবে পুলিশি বাধার মুখে বিকেল ৫টায় তাদের অনশন শেষ করতে বাধ্য হয় এবং উভয় অংশই আবারও একই স্থানে আজ বৃহস্পতিবার থেকে অনশন পালন করার ঘোষণা দেয়। সংগঠনের সভাপতি (একাংশ) অধ্যক্ষ মো. এশারত আলী বলেন, প্রয়োজনে ঢাকায়ই ঈদ করবো। অপর অংশের সভাপতি অধ্যক্ষ মিলন কুমার ঘোষাল বলেন, প্রয়োজনে ১০ শতাংশ ভাতা দিয়ে হলেও স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা জরুরি।