অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করতে তথ্যমন্ত্রীর আহ্বান
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২৩:০০
সরকার ঘোষিত অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করে সংবাদপত্র শিল্পে আর্থিক সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গতকাল জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মোয়াজ্জেম হোসেন রতনের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। ইনু বলেন, সংবাদপত্রের মালিকদের উচিত অনতিবিলম্বে অষ্টম ওয়েজবোর্ডের প্রতিটি অংশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, সপ্তম ওয়েজ বোর্ড মাত্র ৬২টি সংবাদপত্র এবং সংবাদ সংস্থা বাস্তবায়ন করেছিল।
মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৬১৪টি সংবাদপত্র ও সংবাদ সংস্থা চালু আছে। আইন অনুযায়ী সংবাদকর্মীদের জন্য একটি ওয়েজবোর্ড আছে। আমরা সম্প্রতি অষ্টম ওয়েজবোর্ড মন্ত্রিসভায় অনুমোদন দিয়ে গেজেট প্রকাশ করেছি। মালিক, সাংবাদিক ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী অষ্টম ওয়েজবোর্ড ঘোষণা করেছি।
মন্ত্রী বলেন, ওয়েজবোর্ড বাস্তবায়ন না করলে সংবাদপত্রের মালিককে কোন ধরনের সুযোগ সুবিধা সরকার দেবে না। তিনি বলেন, ওয়েজবোর্ড বাস্তবায়নের প্রয়োজন এজন্য যে এর মাধ্যমে সংবাদপত্র শিল্পে আর্থিক শৃঙ্খলা ফিরে আসবে।
ইনু সংসদকে জানান, বর্তমান সরকার বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য নীতিমালা প্রায় চূড়ান্ত করেছে। একটি বিষয়ে আর্থিক সম্পৃক্ততা থাকায় অর্থমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। আশা করছি বর্তমান সরকারের আমলেই এটি চূড়ান্ত হবে।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যমসমূহ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। বেসরকারি টিভি চ্যানেলে ‘টক শো’ অনুষ্ঠান সম্প্রচারের ব্যাপারে কোন নীতিমালা নেই।