শেষ বেলায় খেলায় ফিরলো বাংলাদেশ
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২৩:০১
প্রথম সেশনের খেলা দেখে এক সমর্থক ফেসবুকে লিখেছেন—বোলার বল করার পর চাইলে একটা ঘুম দিয়ে উঠে শট করতে পারেন ব্যাটসম্যান!
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নতুন উইকেট কতোটা ধীরগতির এবং ব্যাটিংয়ের জন্য কতো চমত্কার, এটা বোঝার জন্য এই একটা কথাই যথেষ্ট। আর এই ব্যাটিং উইকেটের পুরোপুরি সদ্ব্যবহার করেই সিরিজের প্রথম টেস্টে খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড দল। এক পর্যায়ে ২ উইকেটে ২৪৪ রান তুলে ফেলেছিল তারা। কিন্তু শেষ বিকেলে আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসান পরপর তিনটি আঘাত করে খেলায় ফিরিয়ে এনেছেন বাংলাদেশকে।
মূলত স্পিনারদের এই আক্রমণের ফলে কেন উইলিয়ামসনের দুর্দান্ত সেঞ্চুরির পরও গতকাল দিনের খেলা ১ বল বাকি থাকতে ২৮০ রানে ৫ উইকেট নিয়ে ড্রেসিংরুমে ফিরেছে নিউজিল্যান্ড। আজ দ্বিতীয় দিনে ইনিংস বড় করার জন্য অনভিজ্ঞ টেল এন্ডার ব্যাটসম্যানদের ওপর ভরসা করতে হবে কিউইদের। বাংলাদেশের হয়ে রাজ্জাক ২টি এবং সাকিব, সোহাগ ও নাসির একটি করে উইকেট নিয়েছেন।
সংস্কার কাজের জন্য বন্ধ থাকায় প্রায় দুই বছর পর গতকাল আবার প্রতিযোগিতামূলক খেলা শুরু হল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একেবারে অপরীক্ষিত উইকেট হওয়ায়, তা পেস বোলিং সহায়ক হতে পারে বলে একটা সন্দেহ ছিল। কিন্তু শেষ পর্যন্ত উইকেট শুরুতে অন্তত ব্যাটসম্যান ও স্পিনারদেরই সহায়তা করেছে।
খেলার আগের রাতেই এমনটা অনুমান করে দল থেকে সহঅধিনায়ক মাহমুদউল্লাহকে বাইরে রেখে শেষ মুহূর্তে আব্দুর রাজ্জাককে দলে অন্তর্ভুক্ত করা হয়। রাজ্জাক শুরু থেকেই বলের ভেরিয়েশন ও টার্ন নিয়ে নিজের অন্তর্ভুক্তির যথার্থতা প্রমাণ করে চলছিলেন। কিন্তু সাফল্য পেয়েছেন এসে বিকেলে।
তার আগে নিউজিল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে যান কিউই টপ অর্ডার ব্যাটসম্যানরা। এই শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার কাজটা আসলে করেন সেঞ্চুরিয়ান উইলিয়ামসন ও ওপেনার পিটার ফুলটন। দলীয় ৫৭ রানে সোহাগ গাজী হামিশ রাদারফোর্ডকে ফেরানোর পর উইলিয়ামসন ও ফুলটন দ্বিতীয় উইকেটে যোগ করেন ১২৬ রান। এই জুটি ভাঙতে শেষ পর্যন্ত নাসির হোসেনকে ডাকতে হয় বাংলাদেশ অধিনায়ককে।
পেস নয়, নাসিরের অফস্পিনে ১৯৮ বলে খেলা ‘সেকেলে’ ৭৮ রানের ইনিংস শেষ হয় ফুলটনের। এরপরও কেন উইলিয়ামসন ৬১ রানের এক জুটি করেছেন রস টেলরকে নিয়ে। এই জুটি চলাকালীন বাংলাদেশ একটা হতাশ দিন পার করতে যাচ্ছে বলেই মনে হচ্ছিল। কিন্তু দিনের তৃতীয় সেশনে এসে সারাদিন ধরে ভালো বল করার পুরস্কারটা মেলে রাজ্জাকের। তার বলে ফিরে যান ২৮ রান করা রস টেলর।
স্কোরবোর্ডে আর ৩২ রান যোগ হতেই প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডকে আরেকবার টেনে নিয়ে যেতে থাকা তরুণ সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসকে ১১৪ রানে এলবিডব্লু করে ফেরান সাকিব। পরের ওভারেই রাজ্জাক আবার আঘাত হানেন; এবার শিকার অধিনায়ক ম্যাককালাম।
দিনের শেষ বেলায় এই তিন আঘাত হেনে বাংলাদেশ খেলায় ফিরে আসল। এখন দেখার বিষয় এই ‘মোমেন্টাম’ ধরে রাখতে পারেন কি না খেলোয়াড়রা।