বরিশালে খালেদা জিয়ার সমাবেশ ২২ অক্টোবর

আগামী ২২ অক্টোবর মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নগরীর বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যান) সমাবেশ করবেন। এ সমাবেশ থেকেই ২৪ বা ২৫ অক্টোবর ১৮ দলের নেতা-কর্মীরা রাজপথে কি ভূমিকা পালন করবেন তার দিক নির্দেশনা দিয়ে সরকারকে তত্ত্বাবধায়ক ব্যবস্থার সর্বশেষ দাবি জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ উপলক্ষে গতকাল বুধবার ১৮ দলীয় জোটের উদ্যোগে বরিশাল ক্লাবে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার এমপি। তিনি বলেন, খালেদা জিয়ার এবারের জনসমাবেশ দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ নিয়ে আসবে। বক্তৃতা করেন—বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল, সাধারণ সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, মহানগর সাধারণ সম্পাদক কারুল আহসান শাহিন, মহানগর জামায়াতের আমীর মোয়াযেম হোসাইন হেলাল প্রমুখ।