শাট ডাউন

রিপাবলিকানরা ‘বলপ্রয়োগ’ করছে :ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি রিপাবলিকানদের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। তবে সেটা হবে অর্থনীতির জন্য হুমকি ‘শাট ডাউন’ থেকে মুক্তি পাওয়ার পর। তিনি অভিযোগ করেন, রিপাবলিকানরা ‘বলপ্রয়োগ’ করছে। এদিকে এক জরিপে দেখা গেছে, এই পরিস্থিতির জন্য রিপাবলিকানদের দায়ী করেছে বেশিরভাগ জনগণ। খবর বিবিসির। এর আগে শাট ডাউন নিয়ে ওবামা ও কংগ্রেসের প্রতিনিধি পরিষদের রিপাবলিকানপন্থি স্পিকার জন এ বোয়েনারের মধ্যে ফোনালাপ হলেও কোনো ফল হয়নি। ফলে শাট ডাউন সমস্যার সমাধান কবে হবে তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে ওবামা বোয়েনারকে ফোন করেছিলেন। তিনি বোয়েনারকে কোনো শর্ত ছাড়াই প্রতিনিধি পরিষদে ভোটাভুটির ব্যবস্থা করার আহবান জানিয়েছিলেন। এর আগে বোয়েনার ওবামাকে এই সংকট দূর করতে আলোচনার টেবিলে আসার জন্য ফোন করেন। কিন্তু এতে কোনো ফল হয়নি। হোয়াইট হাউজে ওবামা সাংবাদিকদের জানান, গণতন্ত্রের ক্ষেত্রে আমরা ‘বলপ্রয়োগ’ করতে পারি না। কারণ গণতন্ত্র এইভাবে চলতে পারে না। আর এটা কেবল আমার ক্ষেত্রেই প্রযোজ্য নয়, আমার উত্তরসূরীদের জন্যও এটা কুফল বয়ে আনবে। বোয়েনার সাংবাদিকদের জানিয়েছেন, ওবামা সমঝোতা করতে অস্বীকৃতি জানানোয় আমি হতাশ। তিনি বলেন, এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার আগে সমঝোতায় না আসার সিদ্ধাস্তে প্রেসিডেন্ট অনড়। উল্লেখ্য, গত পহেলা অক্টোবর থেকে দেশটিতে নতুন বাজেটের ব্যয় বরাদ্দে অর্থ সংস্থানে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদের বাধার কারণে সরকার অচলাবস্থায় রয়েছে। অন্যদিকে গতকাল প্রকাশিত এসোসিয়েটেড প্রেস(এপি) এবং জিএফকে’র জরিপে দেখা গেছে, শতকরা ৬২ভাগ জনগণ মনে করেন, শাট ডাউনের জন্য রিপাবলিকানরা দায়ী। তারা ইচ্ছা করলে এই পরিস্থিতি থেকে দেশবাসীকে মুক্তি দিতে পারেন।