তল্লাশির নামে হয়রানি করা থেকে বিরত থাকার আহবান

দেশের কওমী মাদ্রাসাভিত্তিক বিশিষ্ট ওলামায়ে কেরামগণ অভিযোগ করেছেন, চট্টগ্রামের একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনাকে বোমা নাটক সাজিয়ে মাদ্রাসাটি বন্ধ করে দেয়া হয়েছে এবং তল্লাশীর নামে নগরীর বিভিন্ন কওমী মাদ্রসায় ছাত্র-শিক্ষকদের হয়রানি করা হচ্ছে। গতকাল বুধবার এক যুক্ত বিবৃতিতে তারা এ অভিযোগ করেন। বিবৃতিদাতারা তল্লাশীর নামে মাদ্রাসায় হয়রানি করা হলে দেশের সকল কওমী মাদ্রসার ছাত্র-শিক্ষক ধর্মপ্রাণ তাওহীদি জনতাকে সাথে নিয়ে সমুচিত জবাব দেবে বলে সরকারকে সতর্ক করে দেন। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর মাওলানা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারীর মুহাদ্দিস ও হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা হাফেজ শামসুল আলম, মাওলানা শাহ্ আহমদুল্লাহ আশরাফ প্রমুখ।