ট্যানারি মালিকদের কাছে রংপুরের চামড়া ব্যবসায়ীদের পাওনা ২০০ কোটি টাকা

ঢাকার ট্যানারি মালিকদের কাছে রংপুর বিভাগের আট জেলার দুই হাজার চামড়া ব্যবসায়ীর পাওনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২০০ কোটি টাকা। এই পাওনা আদায় করতে না পেরে তারা আর্থিক সংকটে পড়েছেন। স্থানীয় ব্যাংকগুলোও তাদের কোন সহায়তা দিচ্ছে না। এই পরিস্থিতিতে ব্যবসা অব্যাহত রাখার জন্য তারা দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিচ্ছেন; কিন্তু ঢাকার ট্যানারী মালিকরা সিন্ডিকেট করে চামড়ার দাম কমিয়ে দেয়ায় দাদন ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া চড়া সুদের ঋণ কিভাবে পরিশোধ হবে তা নিয়েও আবার চিন্তিত হয়ে পড়েছেন রংপুরের চামড়া ব্যবসায়ীরা। তারা বলছেন, গত বছরের তুলনায় এ বছর চামড়ার দাম অর্ধেকে নামিয়ে দিয়ে ঢাকার ট্যানারি মালিকরা লাভবান হলেও এ অঞ্চলের ব্যবসায়ীরা শেষ হয়ে যাবেন। এদিকে উদ্ভূত পরিস্থিতির সুযোগ কাজে লাগানোর জন্য তৈরি হয়ে আছেন ভারতীয় মাড়োয়ারী ব্যবসায়ীরা। রংপুর-দিনাজপুর অঞ্চলের সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে তারা এ দেশের ফঁড়িয়া-দালালদের হাতে কোটি কোটি টাকা তুলে দিচ্ছেন বলে জানা গেছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এবার রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ সীমান্ত জেলাগুলো দিয়ে বিপুল পরিমাণ চামড়া পাচার হয়ে যাবে। বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ওয়াহেদুর রহমান জানান, চামড়া পাচার রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার পিপিএম জানান, জেলা সদর থেকে কোন চামড়া ভর্তি ট্রাক সীমান্ত এলাকায় যেতে দেয়া হবে না।