ময়মনসিংহে ছুরিকাঘাতে কুমিল্লায় কিলঘুষিতে দুই যুবক খুন

কুমিল্লা ও ময়মনসিংহে দুই যুবক খুন হয়েছেন। এদের একটি ঘটেছে পূর্ব শত্রুতার জের ধরে আর অন্যটি তুচ্ছ কারণ নিয়ে। অন্যদিকে, নারায়ণগঞ্জে গণপিটুনিতে আহত হয়ে এক ছিনতাইকারির মৃত্যু হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের গৌরীপুরে পূর্ব শত্রুতার জের ধরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে নুরুজ্জামান জনি (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মাওহা ইউনিয়নের নহাটা বাজারে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ওইদিন রাত ১০টার দিকে অভিযুক্তদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। নিহত জনি কুমড়ী গ্রামের মৃত সিদ্দিকুর রহমান মাস্টারের একমাত্র ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নহাটা গ্রামের মাদক ব্যবসায়ী নূরু মিয়ার সঙ্গে জনির বিরোধ ছিল। এ নিয়ে গৌরীপুর থানায় পরস্পর বিরোধী মামলাও রয়েছে। ঘটনার দিন জনি ইফতার শেষে বাড়ি থেকে বের হয়ে নহাটা বাজারে রুকন মিয়ার চায়ের দোকানে বসে ছিলেন। এসময় নূরু মিয়ার নেতৃত্বে ১৫/২০ জন সশস্ত্র লোক পরিকল্পিতভাবে জনিকে সুজন মাহমুদের কম্পিউটারের দোকানের সামনে ডেকে নিয়ে হামলা চালায়। তার বুক ও মুখ ছুরিকাঘাতে রক্তাক্ত হয়। তিনি দৌঁড়ে গিয়ে বাজার সংলগ্ন খোকন মিয়ার পুকুর পাড়ে উঠে অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতে শত শত লোক হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নূরু মিয়া, কাঞ্চন মিয়া, জিলু মিয়া, শিরু মিয়া, মোজাম্মেল, শামছু, হেলিম ও আব্দুল খালেকের বাড়ি-ঘর পুড়িয়ে দেয়।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা:কুমিল্লার দেবিদ্বারে টিউবওয়েল থেকে পানি নেওয়ায় বাধা প্রদান করার মতো তুচ্ছ ঘটনার জের ধরে মো. রমিজ উদ্দিন (৪৫) নামে একজনকে কিলঘুষি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলার শিবনগর এলাকার এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী মোসা. রোকেয়া বেগম মনির হোসেন নামে একজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত রমিজ উপজেলার শিবনগর এলাকার (উত্তরপাড়া মোল্লাবাড়ী) মৃত মনছুর আলীর ছেলে। অভিযুক্তকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মো. মেসবাহ উদ্দিন বলেন, রমিজের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:ফতুল্লায় সজিব (২৮) নামে এক যুবক গণধোলাইয়ের শিকার হয়ে নিহত হয়েছে। এসময় আরো দুজনকে গণপিটুনি দেওয়া হয়। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। এক কলেজ শিক্ষার্থীকে আটকে ছিনতাইয়ের চেষ্টাকালে এলাকাবাসী তাদের গণধোলাই দেয়। গতকাল শনিবার ভোরে অক্টোঅফিস কেন্দ ীয় ঈদগাহ এলাকায় ওই ঘটনা ঘটে। দুপুরে তাদের উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে আসা হলে একজনের মৃত্যু হয়। নিহত সজিবের ঠিকানা জানা যায়নি। আহত অপর যুবকের নাম মামুন (৩২)। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া অপর একজন ঘটনাস্থল থেকেই পালিয়ে যায়।