বিমানের ফিরতি হজ্ব ফ্লাইট ১৯ অক্টোবর শুরু
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২৩:০৩
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ হজ্ব ফ্লাইট গতকাল বুধবার দুপুর ১২টায় ৩৫৭ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। আগামী ১৯ অক্টোবর থেকে বিমানের ফিরতি হজ্ব ফ্লাইট শুরু হবে এবং তা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
জানা গেছে, গত সাত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া হজ্ব অপারেশন-২০১৩’র আওতায় বিমান এ পর্যন্ত ৮০টি ডেডিকেটেড এবং ২৩টি সিডিউল ফ্লাইট পরিচালনা করেছে। এই ১০৩টি ফ্লাইটে মোট ৪২ হাজার ৭৮৪ জন হজ্বযাত্রী হজ্ব পালনের উদ্দেশ্যে জেদ্দা পৌঁছেছেন। চলতি বছর ৮৮ হাজার ৯১১ জন বাংলাদেশি হজ্ব-যাত্রীকে পরিবহনের লক্ষ্য নিয়ে বিমান ও সৌদিয়া নিজ নিজ হজ্ব কার্যক্রম প্রণয়ন করে। এই লক্ষ্যমাত্রার অর্ধেক অর্থাত্ ৪৫ হাজার হজ্বযাত্রী পরিবহনের জন্য প্রণীত হয় বিমানের নিজস্ব হজ্ব ফ্লাইট কার্যক্রম। লক্ষ্যমাত্রার চেয়ে হজ্বযাত্রীর সংখ্যা কিছুটা কম হওয়ায় শেষ দিন পর্যন্ত বিমানে ভ্রমণ করেছেন মোট ৪২ হাজার ৭৮৪ জন। হজ্বযাত্রী কম থাকার কারণে বিমান মোট সাতটি হজ্ব ফ্লাইট বাতিল করে। এছাড়া সৌদিয়ার ১১৩টি ফ্লাইটের মাধ্যমে এ পর্যন্ত মোট ৪৪ হাজার ২৪৭ জন হজ্বযাত্রী জেদ্দা গেছেন।
হজ্বযাত্রীদের সুবিধার্থে বিমান চট্টগ্রাম থেকে সাতটি এবং সিলেট থেকে দুইটি হজ্ব ফ্লাইট পরিচালনা করে। উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছরই প্রথম হজ্ব-ফ্লাইটে বিজনেস ক্লাস এবং ২০ দিনের কম সময়ে সমাপ্ত ‘বিশেষ প্যাকেজ’ চালু করেছে।