একটি অনুত্পাদনশীল কবিতা

ভরা আশ্বিনের আগেই কাওরান বাজারে ট্রাক ট্রাক ফুলকপি, আরও মাসখানেক হলো সিমের ছড়াছড়ি; দামে আগুন হলেও কেমন শীত শীত লাগে। হঠাত্ তোমার বুকের তিল দেখে মনে হলো— সাম্যবাদ নয়, গণতন্ত্র নয়— আমার মুক্তি প্রেমেই। মানবজাতিরও কি? গরুর শিংটা অত বড় নয় বলে সে জবাব আমার কাছে নেই। এর চেয়ে অনেক বেশি আফসোসের কথা— গেলবার ধান কাটার পর তোমাকে দেওয়া হয়নি টাঙ্গাইলের তাঁতের শাড়ি। যদিও ধান বা শাড়ি—কোনোটিরই মালিকানা নেই আমার হাতে, তুমিও নও কোনো সচ্ছল গৃহস্থের গৃহিণী। তবুও একটা শাড়ি কি তোমার প্রাপ্য ছিল না? নিদেনপক্ষে একগাছা রেশমি চুড়ি? অথচ আমার আজন্ম সাধ ছিল একটা কবিতা হয়ে ওঠার, তোমাকে নিয়ে; যে কবিতা পূর্ণিমা কিংবা অমাবস্যায় দেবে ফসলের ডাক, যে কবিতা জলে-জঙ্গলে কাদামাটি হয়ে পোহাবে পৌষের নরম রোদ, যে কবিতাটি হয়ে উঠবে আমাদের সন্তান।