১৬ বছর পূর্তিতে নতুন রূপে হাজির হলো ইয়াহু মেইল
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৩, ১৯:১৩
বিশ্বব্যাপী ইমেইল সেবার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সেবার নাম ইয়াহু মেইল। সময়ের সাথে সাথে এই সেবাটি গ্রাহক চাহিদার উপর ভিত্তি করে নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে। তবে তারপরেও থেমে নেই তারা। নিত্য নতুন চমক গ্রাহকদের উপহার দিতে দিতেই ১৬ বছর পার করেছে এই ইমেইল সেবা। গত ৮ অক্টোবর ছিল ইয়াহু মেইলের ১৬ বছর পূর্তির দিন। এই উপলক্ষেই আবারও একদম নতুন রূপ নিয়ে হাজির হয়েছে ইয়াহু মেইল। বছর খানেক আগেই অবশ্য তারা তাদের ইন্টারফেসটিকে পুরোপুরি বদলে দিয়েছিল। এক বছরের মধ্যেই আবার নতুন রূপে আসতে গিয়ে প্রথমবারের মতো ইয়াহু মেইলে যুক্ত করা হয়েছে বিভিন্ন ধরনের থিম। গুগল’র জিমেইল সার্ভিসের সাথে অনেকটাই সামঞ্জস্য হবে ইয়াহু মেইলের এসব নতুন থিম। শুধু তাই নয়, জিমেইলের মতো ইয়াহুও এখন থেকে থ্রেডের মাধ্যমেই গ্রুপ ইমেইলগুলো দেখাবে। ইয়াহু মেইলে জিমেইলের মতো ‘কনভারসেশন’ও যুক্ত হচ্ছে। নতুন ডিজাইন সম্পর্কে ইয়াহু’র কমিউনিকেশন প্রোডাক্টের ভাইস প্রেসিডেন্ট জেফ্রি বনফোর্ট জানিয়েছেন, ‘ইয়াহু মেইলকে কেবল দেখতে সুন্দর করার জন্য আমরা নতুন রূপ দেইনি। বরং একে আরও বেশি দক্ষ এবং সহজে ব্যবহারযোগ্য করে তুলতেই এই নতুন ডিজাইনের আগমন।’ নতুন এই ডিজাইনে একদম বামপাশে থাকছে আগের মতোই মূল মেন্যু, যেখান থেকে ইনবক্স, সেন্ট বক্স, ড্রাফট বা ফোল্ডার ও অন্যান্য অ্যাপ্লিকেশন নির্বাচন করা যাবে। আর এর ডানপাশেই একটি স্লাইড বারে রাখা হয়েছে ইমেইলগুলোর তালিকা। ইনবক্স, সেন্ট বক্স, ড্রাফট বা অন্যান্য ফোল্ডারে রাখা ইমেইলগুলো এখানেই দেখা যাবে এক নজরে। এর ডান পাশের স্থানটিতে এখন দেখাবে পূর্ণাঙ্গ ইমেইলটি। কোনো ইমেইল নির্বাচন করলে সেটা দেখা যাবে ডানপাশে। ইয়াহু মেইলে যুক্ত নতুন ফিচারের মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় ইমেইল ফরওয়ার্ডিং, পপ-সহ অফলাইন অ্যাকসেসের মতো ফিচার, যা আগে মেইল প্লাসের জন্যই সংরক্ষিত ছিল। আর ইয়াহু মেইলের সংরক্ষণ সীমাও করা হয়েছে ১ টেরাবাইট। এদিকে ইয়াহু’র হঠাত্ করে এই জিমেইলের মতো হয়ে যাওয়া নিয়েও সমালোচনা রয়েছে। গুগল থেকে ইয়াহুতে সিইও হিসেবে যোগ দেওয়া মারিসা মেয়ার নিজেও জিমেইলের বিভিন্ন ফিচার নিয়ে কাজ করেছেন। ফলে তার পরামর্শেই ইয়াহু’র নতুন এই চেহারা হয়েছে বলে মন্তব্য তাদের। তবে ইয়াহু মেইলের নতুন এই রূপ খুশি করতে পারেনি অনেক ব্যবহারকারীকেই। বরং নতুন এই ইন্টারফেসকে অনেক বেশি বিরক্তিকর বলেই মনে করছেন বেশিরভাগ ব্যবহারকারী। দেখার বিষয়, নতুন ডিজাইনে কাজের দক্ষতা এই বিরূপ প্রভাবকে অতিক্রম করতে সক্ষম হয় কি না।