কোডিং শেখাতে কাজ করবে বিবিসি

যুক্তরাজ্যের সংবাদসংস্থা বিবিসি জানিয়েছে, গোটা যুক্তরাজ্যে কোডিং শেখানোর জন্য কাজ করবে তারা। বিবিসি’র ডিরেক্টর জেনারেল টনি হল তাদের এই পরিকল্পনার কথা জানিয়েছেন। ২০১৫ সাল থেকে তাদের এই উদ্যোগ যাত্রা শুরু করবে। এই কর্মসূচির কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমরা নতুন প্রজন্মকে কোডিং, প্রোগ্রামিং এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে উত্সাহিত করতে চাই। আর সে কারণেই এই উদ্যোগ গ্রহণ করেছি আমরা।’ যুক্তরাজ্যের স্কুলগুলোতে কম্পিউটিং বিষয়ে খুব বেশি শিক্ষা প্রদান করা হয় না। আবার উচ্চশিক্ষাতেও কম্পিউটিং এবং আইটি বিষয়ে মানুষের আগ্রহ করে যাচ্ছে। ফলে আসছে দিনে যেখানে গোটা বিশ্বেই রাজত্ব করবে কম্পিউটার এবং প্রযুক্তি, সেখানে যুক্তরাজ্যের ভবিষ্যত প্রজন্মের মধ্যে এক ধরনের শূন্যতার আশংকা করছেন গবেষকরা। সেই আশংকা থেকেই বিবিসি এই উদ্যোগ গ্রহণ করেছে। এর আগে অবশ্য বিবিসি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাইক্রোকম্পিউটার প্রদান করে দেশটিতে কম্পিউটার ব্যবহারকে জনপ্রিয় রাখতে ভূমিকা রেখেছে। খুব দ্রুতই বিবিসি তাদের এই পরিকল্পনার বিস্তারিত জানাবে বলে জানিয়েছেন টনি হল।