মিসরে মার্কিন সেনা সহায়তা স্থগিত
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৩, ২০:২৫
মিসরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়া পর্যন্ত বেশির ভাগ সেনা সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে মিসরে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত বেশকিছু মিসাইল, যুদ্ধবিমান, হেলিকপ্টারসহ গুরুত্বপূর্ণ অস্ত্রের চালান বাধাগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্র প্রতিবছর মিশরের সেনাবাহিনীকে ১৩০ কোটি মার্কিন ডলারের সহায়তা দিয়ে থাকে। স্টেট ডিপার্টেমন্টের মুখপাত্র ম্যারি হার্ফ জানাচ্ছেন, মিসরে সেনা সহায়তার বিষয়টি আবারো পর্যালোচনা করে দেখা দরকার বলে মনে করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মিসরে যে রাজনৈতিক সংকট চলছে তা থেকে উত্তরণ না ঘটলে সেনা সহায়তা স্থগিত থাকবে বলে জানাচ্ছে স্টেট ডিপার্টেমন্ট। কর্মকর্তারা আরও জানাচ্ছেন, মিশরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রগতি এলে বিষয়টি নিয়ে হয়তো আবার ভাবা হবে। তবে মিশরের সাথে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে এবং সন্ত্রাস বিরোধী লড়াই, স্বাস্থ্য ও শিক্ষাখাতে মার্কিন সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। আগস্ট মাসে মিসরে মুসলিম ব্রাদারহুডের সমর্থকদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনার পর যুক্তরাষ্ট্র এফ-১৬ জঙ্গি বিমান সরবরাহ স্থগিত এবং যৌথ সামরিক মহড়াও বাতিল করে। ব্যাপক আন্দোলনের মুখে সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে জয়ী মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসিকে প্রেসিডেন্ট পদে পুনরায় বহাল করতে দেশটিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার সমর্থকরা যাকে কেন্দ্র করে গত কয়েকমাসে দেশটিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।