অন্ধ্রপ্রদেশকে ভাগ করার প্রতিবাদে রাজনীতিবিদদের অনশন
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৩, ২০:২৫
ভারতের অন্ধ্রপ্রদেশকে ভাগ করার প্রতিবাদে অনশন করছেন অনেক রাজনীতিবিদ। গত বুধবার রাতে অন্ধ্রপ্রদেশের আঞ্চলিক দল ওয়াই এস আর কংগ্রেস এর প্রধান জগন মোহন রেড্ডিকে জোর করে অনশন ধর্মঘট থেকে তুলে দেয়া হয়। তিনি অন্ধ্র প্রদেশকে ভাগ করার বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন। তিনি বর্তমানে নিজামস ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে পুলিশ হেফাজতে আছেন। দিল্লিতে একই ধরনের প্রতিবাদ করছেন তেলেগু দেসাম দলের প্রধান এন চন্দ্রবাবু নাইডু। তিনি অনশনে বসেছেন অন্ধ্রভবনে। অন্ধ্রপ্রদেশ সরকার বুধবার তাকে সেখান থেকে সরিয়ে দেয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে। কংগ্রেসের নেতৃত্বে বর্তমান সরকার অন্ধ্রপ্রদেশকে ভাগ করে দুটি পৃথক প্রদেশ করার সিদ্ধান্ত নেয় যার পক্ষে ও বিপক্ষে অনেক মানুষ অবস্থান নিয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী অন্ধ্রপ্রদেশকে ভেঙ্গে তেলেঙ্গানা ও সিমান্ধ্রা নামে দুটি পৃথক প্রদেশ করা হবে। আগামী দশ বছর পর্যন্ত তাদের মিলিত রাজধানী থাকবে হায়দরাবাদ। এরপর শহরটি যুক্ত হরে তেলেঙ্গানার সাথে।