স্লোডেনের আড়িপাতার তথ্য ফাঁস সন্ত্রাসীদের জন্য উপহার
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৩, ২০:২৬
ব্রিটিশ গোয়েন্দা সংস্থার আড়িপাতার তথ্য ফাঁস করে যুক্তরাষ্ট্রের এডওয়ার্ড স্নোডেন সন্ত্রাসীদের হাতে উপহার তুলে দিয়েছেন বলে অভিযোগ করেছেন ব্রিটিশ নিরাপত্তা বিভাগ এমআই-ফাইভের প্রধান এন্ড্রু পার্কার। চলতি বছরের ২২ এপ্রিল এমআই-ফাইভের মহাপরিচালক নিযুক্ত হওয়ার পর মঙ্গলবার জনসম্মুখে দেয়া প্রথম ভাষণে তিনি এ অভিযোগ করেন। তবে তিনি স্নোডেনের নাম উচ্চারণ করেননি। তিনি বলেন, “তথ্য ফাঁসে পশ্চিমের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার পরিকল্পনা বন্ধে নিরাপত্তা সংস্থার সামর্থ্য দুর্বল হয়েছে।” ব্রিটিশ ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষমতা নিয়ে নজিরবিহীন এক খোলাখুলি বিতর্কে পার্কার সতর্ক করে বলেন, “বড় ধরনের হামলা পরিকল্পনা উদঘাটনের জন্য তার গোয়েন্দাদের সন্দেহজনক যোগাযোগগুলোতে আড়িপাতা ও বার্তা পড়ে দেখা প্রয়োজন।” যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক ঠিকাদার স্নোডেনের তথ্য ফাঁসে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ গোয়েন্দাদের কর্মপরিধি গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে উন্মুক্ত হয়ে পড়ে। এতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বিশ্বব্যাপী কূটনৈতিক বিপর্যয়ের শিকার হয়। ব্রিটেনের গোপনে আড়িপাতা বিষয়ক সংস্থা জিসিএইচকিউর তত্পরতা ফাঁসের বিপদ সম্পর্কেও সতর্ক করেন তিনি।