সংবাদ কণিকা
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৩, ২০:২৭
সুস্থ হয়ে উঠছেন ক্রিস্টিনা
অস্ত্রোপচার করে মস্তিষ্ক থেকে জমাট রক্ত অপসারণের পর আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে ক্রিশনার কোন ধরনের জটিলতা ছাড়াই সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার চিকিত্সকরা। মঙ্গলবার বুয়েন্স আইরিসের ফাভালোরো ফাউন্ডেশন হাসপাতালে দু’ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে চিকিত্সকরা ক্রিস্টিনার মস্তিষ্ক থেকে জমাটবাঁধা রক্তপিণ্ড অপসারণ করেন। প্রেসিডেন্টের মুখপাত্র আলফ্রেদো স্কোকিমারো বলেন, তিনি ভালো আছেন এবং মুখে খাওয়া শুরু করবেন। ৬০ বছর বয়সী ক্রিস্টিনা দুই মাস আগে মাথায় আঘাত পেয়েছিলেন। কিন্তু গত সপ্তাহে অন্য কারণে চিকিত্সকের কাছে যাওয়ার পর তার মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়ে। -বিবিসি
হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার
জনগণের গণতান্ত্রিক অধিকার আরো সুনিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নারীদের হিজাব পরার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তুরস্ক সরকার। এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রায় এক প্রজন্ম ধরে চলে আসা এই নিষেধাজ্ঞাটি তুলে নেয়া হয়। তবে বিচারবিভাগ ও সেনাবাহিনীতে নতুন এই আইন কার্যকর হবে না। এই সিদ্ধান্তের সমালোচনা করে বিরোধীরা বলছেন, এর মাধ্যমে সরকার ইসলামিক এজেন্ডা বাস্তবায়নের দিকেই এগিয়ে যাচ্ছে। তুরস্কে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও সাংবিধানিকভাবে এটি ধর্মনিরপেক্ষ দেশ।-রয়টার্স
বাজারে আসছে ম্যালেরিয়ার টিকা
২০১৫ সালের মধ্যে বিশ্বে প্রথমবারের মতো প্রাণঘাতী রোগ ম্যালেরিয়ার টিকা বাজারে ছাড়ার আশা করছে যুক্তরাজ্যভিত্তিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে)। এ লক্ষ্যে আগামী বছরই টিকাটি বাজারজাত করার অনুমোদন পাওয়ার চেষ্টা নিচ্ছে জিএসকে। পরীক্ষামূলকভাবে ম্যালেরিয়ার টিকা প্রয়োগ করে এরই মধ্যে আফ্রিকার শিশুদের ম্যালেরিয়া নিরাময়ে উল্লেখযোগ্য ফল পাওয়া গেছে।