ইলিয়াস আহমেদ চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় সংসদের সাবেক সদস্য, মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে প্রয়াত ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) ২৮ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়ায় নিজ বাড়ির জামে মসজিদে বাদ আছর এবং শিবচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দাদা ভাই দৈনিক বাংলার বাণীর সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন। তিনি আরামবাগ ক্রীড়া চক্র ও খুলনা আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি ছিলেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। দাদা ভাই শিবচরে শিক্ষা বিস্তারের জন্য বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

তার জ্যেষ্ঠ ছেলে নূর-ই-আলম চৌধুরী লিটন মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে ছয়বার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমান বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতিসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। কনিষ্ঠ ছেলে মজিবুর রহমান চৌধুরী নিক্সন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসন থেকে দুইবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার জ্যেষ্ঠ ছেলে নূর-ই-আলম চৌধুরী লিটন ও কনিষ্ঠ ছেলে মজিবুর রহমান চৌধুরী নিক্সন এবং তার পরিবার মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।