গৌরীপুরে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৩, ২০:৩০
গৌরীপুর পৌর শহরের ঋষিপাড়া এলাকায় বালুয়া নদীর ওপর নির্মিত বেইলি সেতুর স্টিলের পাটাতনে মরিচা পড়ে নষ্ট হয়ে যাওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীবাহী যানবাহন ও পথচারীরা পারাপার হচ্ছে। এ সেতু দিয়ে যানবাহন চলাচল নিষেধাজ্ঞা থাকলেও অটোরিকশা, সিএনজি, টেম্পু ও রিকশাচালকরা যাত্রী নামিয়ে ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছে। উপজেলার ৩নং অচিন্তপুর, ৪নং মাওহা, ৫নং সহনাটি ও ৬নং বোকাইনগর ইউনিয়নের হাজারো মানুষ এ বেইলী সেতুটি দিয়ে প্রতিদিন যাতায়াত করছে। স্টিলের পাটাতনে বেশ কয়েকটি জায়গায় বড় বড় ফাটল ও গর্ত দেখা দিয়েছে এবং সেতুর অনেক নাটবল্টু চুরি হয়ে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গৌরীপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ শাহজাহান জানান, সেতুটি এলজিইডি’র অধীনে না হওয়ায় এর সংস্কার কাজের দায়িত্ব আমাদের নয়। সেটুটি যেহেতু পৌরসভার সীমানার ভেতর তাই এটা সংস্কারের দায়িত্ব পৌরসভার। গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম জানান, সেতুটি কিশোরগঞ্জ জেলা সড়ক ও জনপথ (সওজ) এর অধীনে হওয়ায় সেতুটির সংস্কার কাজের দায়িত্ব পৌরসভার নয়।