বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ছয়জনের অপমৃত্যু

ময়মনসিংহ, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।-খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। ময়মনসিংহ ময়মনসিংহ শহরে মিন্টু কলেজ এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে মিনা সেন (৪০) নামে এক নারী ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেন। জানা গেছে, মিনা সেন একজন মহিলা পরিষদ কর্মী ছিলেন। ঋণের টাকা ও পারিবারিক কষ্ট, যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে বলে মহিলা পরিষদ নেতৃবৃন্দ জানান। গাইবান্ধা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ভবানিপুর গ্রামে গত বুধবার গাছের চাপায় মোন্তাজ আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। মোন্তাজ আলী বাড়ির উঠানে একটি আমগাছ কাটা দেখছিলেন। এ সময় হঠাত্ গাছটি তার উপর ভেঙ্গে পড়ে। গাছের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। গৌরীপুর (ময়মনসিংহ) গৌরীপুরে গতকাল বৃহস্পতিবার দুপুরে মুরগির খামারে বিদ্যুতায়িত হয়ে মাজহারুল ইসলাম (২০) নামে একজন মারা গেছেন। সে উপজেলার পাজুহাটি গ্রামের হায়দার আলীর ছেলে। কযরা (খুলনা) উপজেলার দেয়াড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে গাছের ডালপালা কাটতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে রওশন আলী (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। সে মৃত হরমুজ গাজীর ছেলে। হোসেনপুর (কিশোরগঞ্জ) হোসেনপুর উপজেলার নামা জিনারী গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে মো. খোরশেদ আলমের শিশু কন্যা নোভা আক্তার (৩) পানিতে ডুবে মারা যায়। বেড়া (পাবনা) পাবনার বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লায় গত বুধবার দুপুরে পানিতে ডুবে মুহিন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়। সে নজরুল ইসলাম মুনুর একমাত্র ছেলে।