গফরগাঁওয়ে ক্লিনিক থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সরবরাহ
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৩, ২০:৩২
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসুটিয়া কমিউনিটি ক্লিনিক থেকে ডায়রিয়া ও পেটের পীড়ায় আক্রান্ত শিশু রোগীদের মেয়াদ উত্তীর্ণ ঔষুধ সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে বাসুটিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জেসমিন আক্তারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
জানা গেছে, উপজেলার বাসুটিয়া কমিউনিটি ক্লিনিক সহ ৪৩টি ক্লিনিকে প্রতি ৩ মাস অন্তর স্বাস্থ্য মন্ত্রনালয়ের ‘রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ’ প্রজেক্টের আওতায় ২টি কিটে ৩০ প্রকার ঔষধ বরাদ্ধ করা হয়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে বাসুটিয়া কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জেসমিন আক্তার পেটের পীড়ায় ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের অভিভাবকদের জিস্ক ডিসপার্সিবল ট্যাবলেট সরবরাহ করছে। এসব ঔষুধ সেবনের মেয়াদ গত এপ্রিল মাসের ২৩ তারিখে শেষ হয়ে গেছে।
এ ব্যাপারে বাসুটিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জেসমিন আক্তার বলেন, মেয়াদ উত্তীর্ণ ঔষুধের ব্যাপারে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের একাধিকবার জানিয়েছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়ারেজ উদ্দীন ফরাজি বলেন, বাসুটিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জেসমিন আক্তারকে রোগীদের মেয়াদ উত্তীর্ণ ঔষুধ সরবরাহের অভিযোগে গত মঙ্গলবার কৈফিয়ত তলব করা হয়েছে এবং নোটিশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে সন্তুোষজনক জবাব না পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।