তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রেজিস্ট্রেশন ছাড়া জবাবদিহিতাহীন অনেক অনলাইন গণমাধ্যমের পরিচয়পত্রধারী সাংবাদিকরা নানা অপকর্মে যুক্ত হচ্ছে। কাজেই এধরনের অনলাইন সংবাদমাধ্যমকে রেজিস্ট্রেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এরকম একটি অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনতে যাচ্ছি। অবশিষ্টদেরও নিবন্ধনের আওতায় আনা হবে।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ‘সাংবাদিকতার নীতিমালা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী উপরের কথাগুলো বলেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য এই কর্মশালার আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, দেশে এক ধরনের অনলাইন গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন দৈনিক ও টেলিভিশনেরও অনলাইন পোর্টাল রয়েছে। বিভিন্ন সংস্থা অনেক অনলাইন সম্পর্কে প্রতিবেদনও দিয়েছে। তাই অনলাইনগুলোকে শৃঙ্খলায় আনতে হবে।
কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সাংবাদিক কারা হবেন তা ঠিক করতে হবে পেশাজীবী সাংবাদিক সমাজকেই। এটি ঠিক না করলে পেশার মর্যাদা ধরে রাখা যাবে না। সাংবাদিকদের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।