রাজশাহী ও নাটোরে বন্যপ্রাণী উদ্ধার অভিযান :অবমুক্তকরণ
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৩, ২০:৩৮
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর উদ্যোগে বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিমের নেতৃত্বে রাজশাহী ও নাটোরের বিভিন্ন স্থানে অবৈধভাবে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয়, শিকার, পাচার প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজশাহী মহানগর ও নাটোরের গুরুদাসপুরের বিভিন্ন পাখি বিক্রেতা আটক পাখির খাঁচা ফেলে পালিয়ে যায়। পরে ওইসব খাঁচায় আটক ৮টি সবুজ টিয়া ৫টি লালমাথা টিয়া/হিরামন, ৮টি তিলা ঘুঘু , ৫ টি কণ্ঠি ঘুঘু, ৯টি তিলা মুনিয়া ও ৬টি চান্দিঠোঁট মুনিয়াসহ প্রায় ৫০টি বিরল ও বিপন্ন প্রজাতির পাখি গত বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে বিভাগীয় কমিশনার মোঃ হেলাল উদ্দীনের উপস্থিতিতে অবমুক্ত করা হয়। এসময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মোঃ শরিফুজ্জামান, বিশিষ্ট পাখি ও প্রকৃতি প্রেমিক মোঃ মুনসুর সরকার, জীববৈচিত্র্য সংরক্ষণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব মোঃ জাহাঙ্গীর শাহ উপস্থিত ছিলেন।