চেষ্টার ত্রুটি দেখছেন না রাজ্জাক!

২৮২ রানের মধ্যে সাত উইকেটের পতন ঘটলেও শেষ পর্যন্ত ৪৬৯ রানে গিয়ে ঠেকলো নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। প্রথম দিন শেষে সমতা এখন কিছুটা হলেও ঝুঁকে গেছে সফরকারীদের দিকে। এরপর খেলোয়াড়দের চেষ্টার কোন ত্রুটি দেখছেন না অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে তিন উইকেট পাওয়া আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘সব কিছু চেষ্টা করা হয়েছিল। চেষ্টার কোনো ত্রুটি ছিল না।’ কয়েকটা সেশনের বাজে পারফরম্যান্সই বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে বলে মনে করছেন তিনি। ‘টেস্ট ক্রিকেট সাধারণত এমনই হয়। কিছু সেশন ফিল্ডিং সাইডের জন্য যায়, কিছু কিছু সেশন ব্যাটিং সাইডের জন্য যায়। বিশেষ করে ওদের শেষ জুটিটা বেশি ভালো হয়েছে। আসলে ওরা বেশ ভালো খেলছে।’ ক্যাচ মিস হয়েছে, জন ওয়াটলিং একবার আউট হলেও রুবেল হোসেনের নো-বলের জন্য সেই দফায় সাজঘরে ফেরা হয়নি এই উইকেট রক্ষক ব্যাটসম্যানের। সব মিলিয়ে ভাগ্যও গতকাল বাংলাদেশের জন্য বড় একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। রাজ্জাকও সেটাই মানছেন, ‘ক্যাচটা হলে তো অনেক কিছুই ভালো হতো। এটা আমাদের ব্যাড লাক- বলটা নো হয়েছে। কারণ, ও সেঞ্চুরি করছে। ও যদি না করতো আমার মনে হয় না এতো বড় স্কোর হতো। আবার হতে পারতো— দেখা যেত ওর পরে যে আসছে সে বড় ইনিংস খেলছে। যদি হওয়ার হতো তাহলে হতেও পারতো’ শুধু ওয়াটলিং নয়, বাংলাদেশের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল একাদশ ব্যাটসম্যান ট্রেন্ট বোল্ট। তার প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্জাক বলেন, ‘শেষে যে আসছে সে আসলে কোনো কিছু ট্রাই করে নাই। ও প্রথম ড্রাইভ খেলছে মনে হয় যখন রান সাতাশ হয়ে গেছে তখন। সব ডিফেন্স করছে ব্যাটে লেগে এদিক সেদিক গেছে, আর সবচেয়ে বড় কথা বল তেমন কোনো টার্ন করেনি। সোজা বল খেলা যে খুব কঠিন একটা ব্যাপার তা নয়।’ চট্টগ্রাম টেস্টে পিচ থেকে বোলারদের জন্য আলাদা কোন সুবিধা দেখছেন না এই স্পিনার, ‘সত্যি কথা বলতে যেটা আমার মনে হয় না পিচ আমাদের আশানুরূপ হয়েছে। তারপরও যেহেতু এখানে রান হচ্ছে, আমাদের ব্যাটসম্যানরাও ভালো খেলছে। যদি আমরা ব্যাটিংয়ে রিকভারি করতে পারি তাহলে কোনো কমপ্লেন থাকবে না। কমপ্লেন করাও ঠিক না। সব সময় তো সব মন মতো হবে না।’ বড় ইনিংসের জবাবের শুরুতেই ভেঙে পড়েন বাংলাদেশের দুই ওপেনার। উইকেট বিলিয়ে দিয়ে আসার কারণ ব্যাখ্যা করে রাজ্জাক বলেন, ‘উদ্বোধনী ব্যাটসম্যানদের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা আসলেই টাফ। কারণ যখনই একশ-দেড়শ ওভার ফিল্ডিং করবেন, নরমালি তখন সবাই টায়ার্ড হয়ে যায়। ওপেনারের জন্য তখন আসলেই কঠিন ব্যাটিং করা। সেকেন্ড ইনিংস বলতে ম্যাচের সেকেন্ড ইনিংস। ওদের জন্য ভালো খেলা কঠিন হয়ে দাঁড়ায় কিছু কিছু পরিস্থিতিতে।’ এক অর্থে পিছিয়ে থেকেই দ্বিতীয় দিন শেষ করলো বাংলাদেশ। তবে, এখানেই শেষ দেখছেন না রাজ্জাক। জানালেন, এই উইকেটে সেট হলে রান আসবে, ‘একবার সেট হয়ে গেলে আউট করা কঠিন।’ ক্রিজে আছেন দুই সেট ব্যাটসম্যান; হাতে আট উইকেট। রাজ্জাকের কথা মানলে চট্টগ্রাম টেস্ট এখনো বাংলাদেশের জন্য সম্ভাবনা থাকছে। নিউজিল্যান্ড-বাংলাদেশ প্রথম টেস্ট, দ্বিতীয় দিন নিউজিল্যান্ড : ১ম ইনিংস ১ম দিনশেষে: ২৮০/৫ রান বল ৪ ৬ ব্রুস মার্টিনক মুশফিক ব রুবেল ১ ৯ ০ ০ ওয়ালটিং স্ট্যা. মুশফিক ব মোমিনুল ১০৩ ১৮২ ৬ ২ ব্রেসওয়েল ব সোহাগ ২৯ ৭২ ৩ ১ সোদি এলবিডব্লিউ ব সাকিব ১ ৫ ০ ০ বোল্ট অপরাজিত ৫২ ১৩৭ ৪ ৩ অতিরিক্ত (ব ৪, লেবা ৬, নো ২) ১২ মোট (১৫৭.১ ওভারে) ৪৬৯/১০ উইকেট পতন : ৬/২৮২, ৭/২৮২, ৮/৩৩৯, ৯/৩৪২, ১০/৪৬৯ বোলিং :রবিউল ১৩-৩-২৩-০, রুবেল ২০-২-৭৭-১, রাজ্জাক ৫৫-১০-১৪৭-৩, সোহাগ ৩২-৬-৭৯-২, সাকিব ২৪-৫-৮৯-২, মার্শাল ২-০-১৫-০, নাসির ৫-১-১৯-১, মোমিনুল ৬.১-০-১০-১ বাংলাদেশ: ১ম ইনিংস তামিম ক উইলিয়ামসন ব বোউল্ট ০ ১ ০ ০ আমানুল এলবিডাব্লিউ বব্রেসওয়েল ৩ ১১ ০ ০ মার্শাল ব্যাটিং ২১ ৭৪ ১ ০ মোমিনুল ব্যাটিং ৭৭ ৭১ ১৩ ০ অতিরিক্ত : (ও ১, নো ১) ২ মোট (২৬ ওভারে) ১০৩/২ উইকেট পতন : ১/১, ২/৮ বোলিং :বোল্ট ৩-২-৫-১, ব্রেসওয়েল ৪-০-২৫-১, মার্টিন ৩-০-২০-০, সোদি ৮-০-২৭-০, অ্যান্ডারসন ৩-২-৮-০, উইলিয়ামসন ৫-১-১৮-০